বিয়ে করছেন সৌরভ-শুভস্মিতা? ছবি: সংগৃহীত।
স্টুডিয়োপাড়ায় আবার বিয়ের সানাই। একের পর এক বিয়ের খবর। জানুয়ারি মাসে বিয়ে সেরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। তার পরে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র, শ্যামৌপ্তি মু়ডলী, রণজয় বিষ্ণু বিয়ে করেছেন। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, এ বার বিয়ের পিঁড়িতে সৌরভ চক্রবর্তী। শোনা যাচ্ছে, শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন নায়ক? কবে বিয়ে তাঁদের?
নায়ক যদিও গুঞ্জন বলে সবটা উড়িয়ে দিয়েছেন। খানিকটা এড়িয়ে গিয়ে সৌরভ বলেন, “আমিই জানি না বিয়ে হচ্ছে আমার। কী যে বলি এ সবে। ধুর! সব গুজব।” তবে সূত্র বলছে, এখনই কোনও কিছু প্রকাশ্যে আনতে রাজি নন দু’জনের কেউই। কিন্তু অন্দরের ফিসফাস, এই বছরেই তাঁরা বিয়ে করবেন। কিন্তু ধারাবাহিক চলছে বলে এখনই প্রকাশ্যে কিছু আনা মানা। সূত্র বলছে, ধারাবাহিক সম্প্রচার কালে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তা প্রভাব ফেলতে পারে কাজে, তাই আপাতত কিছুই নাকি প্রকাশ্যে আনা যাবে না।
যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কোনও দিন স্বীকার করেননি। উল্টে সৌরভ জানিয়েছিলেন, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে ক্যামেরার সামনে তাঁদের সমীকরণই এমন সব জল্পনা উস্কে দিচ্ছে। শুভস্মিতাও সম্প্রতি নিছকই বন্ধুত্বের কথাই প্রকাশ্যে জানিয়েছেন। সত্যিই কি তাঁরা বিয়ে করছেন তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।