Big Boss

পুজোর বিজ্ঞাপনী আয়ের কাছে হার ‘বিগ বস্’ বাংলার? মুম্বইয়ের কাজ ফেরালেন টলিপাড়ার কারা?

শোনা যাচ্ছে, অগস্টেই শুটিং শুরু হবে বিগ বস্‌-এর। তাই নাকি, জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করতে হবে প্রতিযোগী তালিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৮:৫৩
অগস্ট থেকেই নাকি শুটিং শুরু হওয়ার কথা বিগ বসের?

অগস্ট থেকেই নাকি শুটিং শুরু হওয়ার কথা বিগ বসের? ছবি: সংগৃহীত।

অগস্ট থেকেই নাকি শুরু হবে ‘বিগ বস্‌’ বাংলার শুটিং। হিসাব বলছে, পুজোর সময় ‘বিগ বস’-এর শুটিং হবে মুম্বইয়ে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নাকি ডাক পেয়েছিলেন টলিপাড়ার অনেক শিল্পীই। কিন্তু অনেকেই নাকি ফিরিয়ে দিচ্ছেন সেই ডাক। নেপথ্যের কারণ হিসাবে শোনা যাচ্ছে, পুজোর সময় মুম্বইয়ে ‘বিগ বস’-এর বাড়িতে থাকার চেয়ে, কলকাতায় থাকলে আয় হবে তার চেয়ে বেশি।

Advertisement

দুর্গাপুজোর সময় কলকাতার তারকাদের অনেক বিজ্ঞাপনী কাজ আসে। ওই সময়ে পুজোর উদ্বোধনও শিল্পীদের আয়ের একটা বড় রাস্তা। এই কথা ভেবেই নাকি অনেকে মুম্বইয়ের প্রস্তাব ফেরাচ্ছেন। শোনা গিয়েছে, অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের দাবি, তিনি নাকি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ঊষসী অবশ্য এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। শোনা যাচ্ছে, যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী তিথি বসু, লোকনাথ দে, জীতু কমলের মতো অনেক শিল্পীর সঙ্গে। কিন্তু তাঁরা নাকি সকলেই ফিরিয়ে দিয়েছেন। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কেউ কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রকাশ্যে বলেননি।

এ দিকে শোনা যাচ্ছে, অগস্টেই শুটিং শুরু হবে বিগ বস্‌-এর। তাই নাকি, জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করতে হবে প্রতিযোগী তালিকা। প্রসঙ্গত, মার্চের শুরুতে হই হই করে ঘোষণা করা হয়েছিল ‘বিগ বস্‌’-এর।

অনুষ্ঠানের সঞ্চালকের আসনে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সঞ্চালক হিসাবে দীর্ঘ দিন ধরেই সৌরভকে পর্দায় দেখেছেন বাঙালি দর্শক। তবে ‘বিগ বস্‌’ খানিকটা অন্য ধরনের অনুষ্ঠান। এ প্রসঙ্গে সৌরভ বলেছিলেন, “এমন অনুষ্ঠান এই প্রথম সঞ্চালনা করতে চলেছি। আগামী অগস্ট থেকে শুরু হয়ে ছ’মাস চলবে। এখানে প্রতিযোগী হিসাবে বিভিন্ন ক্ষেত্রের তারকারা আসবেন। তাঁদের সঙ্গে সময় কাটাতে হবে। একটা বড় চ্যালেঞ্জ বটে। আমি চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। তাই ভয় পাচ্ছি না। তবে পরিশ্রম করব। মহড়া দেব। আশা করছি, কাউকে হতাশ করব না।”

Advertisement
আরও পড়ুন