Sunidhi Chauhan

‘এমন আগে হয়নি, আমাকে ক্ষমা করে দিন’, ভরা মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন! কী হয়েছে সুনিধি চৌহানের?

শনিবার লখনউতে ছিল তাঁর অনুষ্ঠান। সেখানে গান গাইতে গিয়ে হঠাৎই কেঁদে ফেলেন তিনি। বার বার ক্ষমা চেয়ে নেন। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৪:৪৪
কেন কেঁদে ফেললেন সুনিধি!

কেন কেঁদে ফেললেন সুনিধি! ছবি: সংগৃহীত।

মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি চৌহান। শ্রোতা-দর্শকের কাছে ক্ষমাও চাইলেন তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে পর পর অনুষ্ঠান করছেন গায়িকা। শনিবার লখনউতে ছিল তাঁর অনুষ্ঠান। সেখানে গান গাইতে গিয়ে গলা ধরে আসে তাঁর। তার পরেই কেঁদে ফেলেন তিনি। কী হয়েছে সুনিধির?

Advertisement

আগে এমন কখনও হয়নি। এই প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি সুনিধি। গায়িকা জানান, তাঁর কণ্ঠের অবস্থা একেবারেই ভাল নয়। গান গাইতে গাইতে হঠাৎই সুনিধি বলেন, “আমার গলার অবস্থা সাংঘাতিক খারাপ। কিন্তু আমি জানি, আপনারা আমার সঙ্গে রয়েছেন। আমিও গান গেয়ে যেতে চাই।” বলতে বলতেই গলা ধরে আসে সুনিধির। চোখে জল নিয়ে তিনি বলেন, “হে ঈশ্বর, আগে আমার সঙ্গে এমন কখনও হয়নি। খুব অস্বস্তিকর। আমি দুঃখিত। আসলে আমি যখনই গান গাই, নিজের একশো শতাংশ দিতে চেষ্টা করি।”

এখানেই থামেননি সুনিধি। নিজের কণ্ঠের অবস্থার জন্য বার বার ক্ষমা চান তিনি। গায়িকার কথায়, “দুর্ভাগ্য! তবে আমি চেষ্টা করে যাচ্ছি। যদিও তেমন ভাল হবে না। তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনাদের সকলের ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।”

গত বছর ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় নিজের ‘আই অ্যাম হোম’ সঙ্গীতসফর শুরু করেছেন সুনিধি। প্রথম অনুষ্ঠান ছিল মুম্বইয়ে। তার পরে দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ, চেন্নাই, জয়পুর, চণ্ডীগড় ও ইন্দৌরেও অনুষ্ঠান করেছেন তিনি। আগামী শনিবার কলকাতায় অনুষ্ঠান করবেন সুনিধি।

Advertisement
আরও পড়ুন