Urvashi Rautela's Birthday

হিরে খোদাই করা ৭তলা কেক জন্মদিনে! কোটি কোটি টাকার উপহার দেখে নিজেই অবাক উর্বশী রৌতেলা

বিলাসবহুল কায়দায় উদ্‌যাপন করেছেন উর্বশী। কেটেছেন সাত তলা কেক। সেই কেকে খোদাই করা হিরে। উর্বশীর জন্মদিনের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে প়ড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৫
Urvashi Rautela celebrates her 32nd birthday lavishly

উর্বশীর জন্মদিনের কেক-এর দাম আকাশছোঁয়া! ছবি: সংগৃহীত।

৩২ বছর পূর্ণ করলেন উর্বশী রৌতেলা। প্রতি জন্মদিনেই চমক থাকে তাঁর। তবে এ বার সব সীমার ঊর্ধ্বে গিয়েছে তাঁর জন্মদিনের দামি কেক। সেই কেকের দাম শুনে হতবাক অভিনেত্রীর অনুরাগীরা।

Advertisement

বিলাসবহুল কায়দায় জন্মদিন উদ্‌যাপন করেছেন উর্বশী। কেটেছেন সাততলার কেক। সেই কেকে খোদাই করা রয়েছে হিরে। উর্বশীর জন্মদিনের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে প়ড়ে। অভিনেত্রীর নিজের ভাগ করে নেওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিজের জন্মদিনের বিরাট কেক দেখে আনন্দে আত্মহারা উর্বশী। জন্মদিনের আসর সেজে উঠেছে নানা ফুলের তোড়া ও বেলুনে। উর্বশী নিজেও সাজতে ব্যস্ত।

চকোলেট কেকের উপর হিরে খোদাই করা, এই দেখে মুগ্ধ হয়ে যান উর্বশী। এই কেকের দাম ১৬ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

গত ১ জানুয়ারি ছিল উর্বশীর মায়ের জন্মদিন। সেই দিনও কেক-এ ছিল বিশেষ চমক। দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে মায়ের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন অভিনেত্রী। একটি ভিডিয়োয় দেখা যায়, তাঁর মায়ের সামনে রাখা তিনতলা সোনালি রঙের কেক। এ ছাড়াও সঙ্গে দুই ধরনের পানীয়। কেকের উপরে একটি মুকুট রাখেন অভিনেত্রী। সেটাও নাকি তাঁর মায়ের জন্যই। মায়ের জন্য আনা কেকটি ছিল সোনায় মোড়া। এর আগে ২০২৪ সালে নিজেও সোনায় মোড়া কেক কেটেছিলেন উর্বশী। অভিনেত্রীকে সেই কেক উপহার দিয়েছিলেন হনী সিংহ।

উর্বশী প্রায়ই খবরে উঠে আসেন বিতর্কিত মন্তব্যের জন্য। ২০২৫ সালের শুরুতে সইফ আলি খানের উপর হামলা নিয়ে তাঁকে প্রশ্ন করলে নিজের দামি ঘড়ি নিয়ে বলতে শুরু করেছিলেন। কটাক্ষের শিকার হয়েছিলেন। গত বছর নিজের জন্মদিনে তিনি ২৫১ জনের বিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেছিলেন। উর্বশী বলেছিলেন, “আমি দানধ্যান করি নিজের জন্মদিনে। এই বছর আমি ২৫১ জন মেয়ের বিয়ে দিয়েছিলাম। সেটা নিয়ে কেউ লেখালিখি করে না। আমার ভাল কাজের কথা মানুষের কাছে পৌঁছে যাক, আমি তা চাই।”

Advertisement
আরও পড়ুন