টিআরপি-তে প্রথম পাঁচে রইল কোন কোন ধারাবাহিক? ছবি: সংগৃহীত।
ভোট-উৎসব নিয়েই কাটছে একের পর এক সপ্তাহ। ফলে টেলিপাড়ায় তার অনেকটাই প্রভাব পড়েছে। বহু ধারাবাহিকের নম্বর কমেছে। এই সপ্তাহেও সেই ধারা অব্যাহত। সব কাহিনিরই নম্বর কম। মন্দের ভাল নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’। তারা পেয়েছে ৫.২। যা অন্যান্য সপ্তাহের প্রথম স্থানাধিকারীর তুলনায় অনেকটাই কম।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। প্রথম থেকে সে ভাবে ফল না করলেও, বেশ কিছু দিন ধরে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই কাহিনি। পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের জুটি নিয়েও আলোচনা হচ্ছে। এমনকি তাঁদের মেকআপ রুমের আড্ডা, খাওয়া-দাওয়ার বিষয়ে জানতেও খুব উৎসাহী দর্শক। এই সপ্তাহে তারা পেয়েছে ৫.১।
বরং অনেকটাই পিছিয়ে পড়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ কাহিনিটি। নারীকেন্দ্রিক কাহিনির ভিড়ে নতুন স্বাদ এনেছিল পরশুরাম। এই ধারাবাহিকের হিন্দি সংস্করণও শুরু হয়েছে। তবে ইদানীং নম্বর অনেকটাই কমেছে এই কাহিনির। ৫.০ পেয়ে চলতি সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।
চতুর্থতে নেমেছে ‘জোয়ার ভাঁটা’র কাহিনি। নিশা, উজি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছিল। অন্য দিকে নিশার জীবনে নতুন মানুষ, প্রেমের মোড়ও দর্শকের আগ্রহ বাড়িয়েছে। কিন্তু চলতি ভোটপর্বে নম্বরে অনেকটাই ভাটা পড়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪.৯। এই সপ্তাহে তারা রয়েছে চতুর্থ স্থানে। আর পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। তারা পেয়েছে ৪.৬। অভিনেত্রী রণিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষের সমীকরণ নতুন ভাবে নজর কেড়েছে দর্শকের একাংশের।