Banned Ranveer Singh

নেই আনুষ্ঠানিক বিবৃতি, মুখোমুখি হলেন না আলোচনায়! ‘ডন ৩’ নিয়ে কী অভিমান জমে রণবীরের মনে?

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়ের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানিয়েছেন, সংগঠন রণবীর সিংহের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৪:০৭
অভিমানী রণবীর সিংহ!

অভিমানী রণবীর সিংহ! ছবি: ফেসবুক।

একাধিক বার রণবীর সিংহের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। তাঁর জন্য অপেক্ষাও করেছিলেন সদস্যেরা। সাড়া দেননি অভিনেতা। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন সংগঠনের মুখ্য উপদেষ্টা অশোক পণ্ডিত।

Advertisement

‘ডন ৩’ থেকে রণবীরের সরে দাঁড়ানোর প্রতিবাদে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় ‘নিষিদ্ধ’ ঘোষণা করে তাঁকে। ঘোষণার এক দিন পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অশোক। জানান, সদস্যেরা ‘ধুরন্ধর’ অভিনেতার সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তাঁর কথায়, “ফেডারেশন রণবীরের সঙ্গে তিন বার যোগাযোগের চেষ্টা করেছিল। অভিনেতা কোনও সহযোগিতা করেননি। সাড়াও দেননি!”

অশোক পন্ডিত এ-ও জানিয়েছেন, রণবীর যখন জানতে পারেন, সংগঠন সাংবাদিক বৈঠক করবে, তখন তিনি মেল পাঠিয়ে বিষয়টি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি জানান। মেলে অভিনেতা লিখে পাঠান, “এটি আমার এক্তিয়ারে পড়ে না।” তাঁর মতে, রণবীর যদি নীরব থাকায় দৃঢ়প্রতিজ্ঞ হন, তা হলে ঠিক আছে। সংগঠন অপেক্ষা করবে। সদস্যেরা বাকি ছবির প্রযোজকের সঙ্গে বৈঠক করবেন। অন্য সিনে সংগঠনের সঙ্গেও বসবেন। তার পর সবাই মিলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি, অশোক এ-ও জানিয়েছেন, রণবীর প্রযোজকদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নিলে ভাল করতেন। কারণ, এই জটিলতা শেষ হওয়া দরকার। আর অভিনেতাকেও তো আগামী দিনে কাজ করতে হবে!

এ দিকে রণবীরের অনুরাগীদের মনে কৌতূহল, যে সিদ্ধান্তের উপরে তাঁর ভবিষ্যৎ নির্ভর করছে, সেই বিষয়ে অভিনেতা কেন এত নীরব? কেনই বা অভিনয়ে রাজি হয়েও শেষ মুহূর্তে টিম থেকে বেরিয়ে এলেন তিনি? তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, ‘ডন ৩’-এর চিত্রনাট্য নাকি পছন্দ হয়নি রণবীরের। তিনি ছবিতে আরও অ্যাকশন, সহিংস দৃশ্য, কড়া সংলাপ চেয়েছিলেন। অন্য দিকে, প্রযোজক-পরিচালক ফারহান আখতার আগের দু'টি ছবির সঙ্গে মিল রেখে ‘ডন ৩’ বানাতে চেয়েছিলেন। এই নিয়েই নাকি উভয়ের মতবিরোধ। এ ছাড়া, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও শুটিং শুরু করতে পারেননি পরিচালক। একটা সময়ের পরে বিষয়টি এতটাই বিরক্তিকর হয়ে ওঠে তাঁর কাছে যে, চুপচাপ টিম ছেড়ে বেরিয়ে আসেন রণবীর।

Advertisement
আরও পড়ুন