টলিউডের কিছু খ্যাতনামী কোথায়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিয়োয় একজোট প্রায় সমস্ত অভিনেতা, কলাকুশলীরা। উপস্থিত হয়েছিলেন পরিচালক, প্রযোজকেরাও। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এ দিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতি পালন করে টলিউড। ইন্ডাস্ট্রির সবার নিরাপত্তা চেয়ে আলোচনা হয় নতুন আদর্শ পরিচালন পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) নিয়ে। নির্ধারিত হয় পরবর্তী পদক্ষেপ।
এ দিনের বৈঠকের মূল কুশীলব দু’টি সংগঠন। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। নতুন ‘এসওপি’তে সম্মতি জানাতে যোগ দেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, কিছু ছবি, সিরিজ় এবং ধারাবাহিকের প্রযোজক, চ্যানেল কর্তৃপক্ষ। পরিচালকদের মধ্যে দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শুভ্রজিৎ মিত্রকে। দেখা গেল না কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, রানা সরকার, প্রদীপ নন্দী, অভিনেতা জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন-সহ বেশ কিছু খ্যাতনামীকে।
কেন অনুপস্থিত তাঁরা? টলিপাড়ায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে চাপা আলোচনা। মঙ্গলবার বৈঠকশেষে সাংবাদিকদের সামনে যতই বলা হোক ইন্ডাস্ট্রি ‘এক পরিবার’, আদতে কি তা নয়? টলিউডের অন্তরে ‘আমরা ওরা’র চোরাস্রোত বইছেই? আলোচনার আরও কারণ, রাহুলের অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়ে পদযাত্রায় যোগ দিতে দেখা গিয়েছিল সৃজিত, রানা, অরিন্দমকে। রানা প্রথম দিন থেকে সমাজমাধ্যমে প্রতিবাদে সরব। তাঁরাই বৈঠকে নেই! বাকিদের পদযাত্রাতেও দেখা যায়নি।
সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম তাই যোগাযোগ করার চেষ্টা করেছিল এঁদের প্রত্যেকের সঙ্গে। অনেকেই সাড়া দেননি। অন্য দিকে খবর, শাশ্বত, পরমব্রত শহরের বাইরে। অরিন্দমও বিশেষ কারণে এই মুহূর্তে শহরে নেই। কমলেশ্বর বলেছেন, “শহরের বাইরে ছিলাম। মঙ্গলবারের বৈঠকে যোগদান করব বলে তড়িঘড়ি ফেরার চেষ্টাও করেছিলাম। ফিরতে ফিরতে মঙ্গলবার রাত হয়ে যায়। তাই যোগ দেওয়া হল না।” তবে তিনি রাহুলের পরিবারের পাশে রয়েছেন। তাঁর মতো করে প্রতিবাদ জানিয়েছেন সমাজমাধ্যমে, এমনই বক্তব্য পরিচালক-অভিনেতার। অঙ্কুশও যেমন সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন, পারিবারিক কারণে তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। তবে তিনি রাহুলের পাশে রয়েছেন। এ প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, মঙ্গলবার তিনি কর্মসূত্রে শহরের বাইরে ছিলেন। সেই কারণেই এ দিনের বৈঠকে যোগ দিতে পারেননি তিনি।
জিৎ অবশ্য শুটিং, নিজের ছবির প্রচার ছাড়া কোনও আয়োজনেই যোগ দেন না। তাঁর হয়ে প্রতিনিধিত্ব করেন তাঁর ভাই গোপাল মদনানি। এ দিন তাঁকে দেখা যায়নি। যেমন দেখা যায়নি শ্রীকান্ত মোহতাকে। শ্রীকান্তকে এর আগে স্ক্রিনিং কমিটির বৈঠক-সহ বিভিন্ন বৈঠকে যোগদান করতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। শ্রীকান্তকে ফোনে পাওয়া যায়নি। আর যিনি প্রতিবাদের পুরোভাগে, সেই রানা কেন অনুপস্থিত ছিলেন? প্রযোজকের বক্তব্য, “বিশেষ কারণে অনুপস্থিতি। তবে রাহুলের জন্য সব সময় আছি।” তিনি এ-ও মনে করেন, ইম্পার সভাপতি পিয়া সিনেমার সব প্রযোজকের হয়ে উপস্থিত ছিলেন।