Zeenat Aman

মা-বাবার ভিন্‌ধর্মে বিয়ে! নিজের অন্য আর একটি নাম রয়েছে জ়িনতের, তিনি কোন ধর্মে বিশ্বাসী?

জ়িনত আমনের মা বর্ধিনী ছিলেন এক জন হিন্দু মহিলা। মা হিন্দু, বাবা মুসলিম। নিজে কোন ধর্মে বিশ্বাসী জ়িনত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২১:৪০
জ়িনত আমন কোন ধর্মে বিশ্বাসী?

জ়িনত আমন কোন ধর্মে বিশ্বাসী? ছবি: সংগৃহীত।

ভারতীয় চলচ্চিত্রে তাঁর ভূমিকা বার বার আলোচনায় উঠে আসে। বেশ কিছু ছবিতে অভিনয় করে তিনি বলিউডে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। তিনি জ়িনত আমন। শুধু পর্দায় নয়। বাস্তবেও তাঁর জীবনে রয়েছে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর দু’টি নাম রয়েছে।

Advertisement

জ়িনত আমনের মা বর্ধিনী ছিলেন এক জন হিন্দু মহিলা। এই বিষয়ে কথা বলতে গিয়ে জ়িনত বলেন, “আমার বাবার দিক থেকে আমার নাম জ়িনত আমন। কিন্তু মায়ের দিক থেকে আমার নাম— ললিতেশ্বরী। আমার মায়ের নাম ছিল বর্ধিনী। গভীর ভাবে হিন্দু ধর্মে বিশ্বাসী মহিলা ছিলেন তিনি। প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা পুজো করতেন। আমার বড় হয়ে ওঠার ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা ছিল।”

মা হিন্দু, বাবা মুসলিম। নিজে কোন ধর্মে বিশ্বাসী জ়িনত? প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “আমি ধার্মিক নই। কারণ আমি অনেক কিছু খুব কাছ থেকে দেখেছি। আমার মা ছিলেন হিন্দু, বাবা ছিলেন মুসলিম, আর আমার সন্তানদের বাবা মুসলিম। আমি আবার ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছে। অন্য দিকে আমার সৎবাবা ছিলেন জার্মান। তাই ছোট থেকেই আমি এক নানা রকমের জীবনযাপন ও সংস্কৃতিকে দেখেছি।”

বিভিন্ন ধর্মকে খুব কাছ থেকে দেখেছেন অভিনেত্রী। কিন্তু নিজে নির্দিষ্ট কোনও ধর্মে বিশ্বাসী নন। তিনি বলেন, “আমার কখনও কোনও নির্দিষ্ট ধর্ম অনুসরণ করার প্রয়োজন মনে হয়নি। সব ধর্মই ভাল। কোনও ধর্মই মানুষকে খারাপ কিছু করতে শেখায় না। আমি মানবতা, দয়া, শান্তি এবং মানুষ ও প্রাণীদের প্রতি ভালবাসায় বিশ্বাস করি। এটাই আমার ধর্ম।”

উল্লেখ্য, একসময় জ়িনত আমন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, ঋষি কপূরের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন। জন্মের সময়ে তাঁর নাম ছিল জ়িনত আমনুল্লাহ খান। শোনা যায়, তাঁর পরিবারে চলচ্চিত্র ও সাহিত্যের সঙ্গে গভীর যোগ ছিল।

Advertisement
আরও পড়ুন