Food that affects Longevity

কোন খাবারে আয়ু কমে ৩৬ মিনিট? কিসেই বা জীবনসীমার মেয়াদ বেশ খানিকটা বেড়ে যাবে?

কম পক্ষে ৫৮০০ রকমের খাবারের উপর করা হয়েছে সেই গবেষণা। বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন কোন খাবারটি স্বাস্থ্যের জন্য ভাল, কোনটি খারাপ। খেলে নানা রোগের সম্ভাবনা আছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২০:৪৩

ছবি: এআই সহায়তায় প্রণীত।

রক্তমাংসের শরীরটা যে উঠছে, বসছে, কাজ করছে, ভাল থাকছে, মন্দ থাকছে, তার সব কিছুরই মূলে কিন্তু সারা দিনের খাবার। সকাল থেকে রাত কী খেয়ে পেট বা মন ভরাচ্ছেন, তার উপরে নির্ভর করেই লেখা হচ্ছে শরীরের ভবিষ্যৎ। শরীর সুস্থ থাকবে না কি অসুস্থ হবে, কত দিন সুস্থ থাকবে, এমনকি শরীরের আয়ু কত দিন— তা-ও নির্ভর করে বিকেলের নোনতা খাবার খেতে ইচ্ছে হলে কী বেছে নিচ্ছেন, তার উপর। চপ-তেলেভাজা-শিঙাড়া-জিলিপি না কি ফাস্টফুড কাউন্ডার থেকে বার্গার, হটডগ? এক গবেষণায় জানা গিয়েছে তেমনই এক খাবার, প্রতি বার খাওয়ার সঙ্গে সঙ্গে ৩৬ মিনিট করে কমতে থাকে আয়ু!

Advertisement

খিদের মুখে ফাস্টফুড প্রায়শই খেয়ে থাকেন কমবয়সি ছেলে-মেয়েরা। খাবারটি তেমনই এক ফাস্ট ফুড— হট ডগ। লম্বাটে পাউরুটির মাঝখানটি চিরে তার মধ্যে দেওয়া থাকে সেঁকা, ভাপানো বা ভেজে নেওয়া সসেজ আর সর্ষে দিয়ে তৈরি মাস্টার্ড সস এবং টম্যাটো কেচাপ। কিন্তু গবেষণা বলছে ওই এক একটি হট ডগ জীবন থেকে কমিয়ে দিচ্ছে ৩৬ মিনিট করে।

গবেষণাটি করেছে আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়। তারা অবশ্য আমেরিকার মানুষের খাদ্যাভ্যাসের কথা মাথায় রেখেই গবেষণাটি করেছে। কমপক্ষে ৫৮০০ রকমের খাবারের উপর করা হয়েছে সেই গবেষণা। বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন কোন খাবারটি স্বাস্থ্যের জন্য ভাল, কোনটি খারাপ। কোনটি খেলে নানা রোগের সম্ভাবনা আছে। আমেরিকায় বিফ হটডগ বহুল প্রচলিত। গবেষকেরা তেমনই একটি হটডগ পরীক্ষা করে দেখেছেন একটি হট ডগে ৬১ গ্রাম প্রক্রিয়াজাত মাংস থাকে। যা সুস্থ জীবনের ২৭টি মিনিট কেড়ে নিতে পারে। তার সঙ্গে হট ডগে ব্যবহৃত ময়দা, সসের সোডিয়াম— সব মিলিয়ে ক্ষতির মাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ মিনিট।

হট ডগ এ দেশেরও বহু ফাস্টফুড আউটলেটে সহজলভ্য। তবে সসেজের প্রকারভেদ হয়। চিকেন সসেজের ব্যবহারই হয় বেশি। তার ক্ষতির মাত্রা কত তা গবেষণায় জানা না গেলেও প্রক্রিয়াজাত মাংসকে অনেক আগেই ক্যানসারের কারণ বলে দেগে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। হট ডগের মতোই আরও একটি খাবার নতুন প্রজন্মের পছন্দের। আর সেটি হল বার্গার। হট ডগের মতোই পাউরুটি, মাংসের প্যাটি আর চিজ় সস, মাস্টার্ড সস, টম্যাটো সস দেওয়া হয় তাতেও। যদিও তা থেকে ক্ষতির পরিমাণ কতটা, সেই তথ্য ওই গবেষণার আওতায় আসেনি। অবশ্য গবেষণাটি জানিয়েছে, কোন কান খাবার আয়ু বাড়িয়ে দিতে সাহায্য করে।

কোন কোন খাবারে আয়ু বাড়বে?

গবেষকেরা জানিয়েছেন, বিভিন্ন ধরনের বাদাম, তাজা ফল, শর্করা এবং শ্বেতসার কম রয়েছে, এমন সব্জি খেলে বা পিনাট বাটার দিয়ে তৈরি স্বাস্থ্যকর স্যান্ডউইচ খেলে তা আয়ু ৩৩ মিনিট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এক মুঠো বাদাম ২৬ মিনিট আয়ুবৃদ্ধি করতে পারে। সেদ্ধ করা তৈলাক্ত মাছ এক কাপ খেলে তা ১৩.৫ মিনিট আয়ু বাড়িয়ে দিতে পারে। গবেষকেরা জানিয়েছেন, এগুলি হয়তো সংখ্যার নিরীখে খুব অল্প মনে হতে পারে। কিন্তু হট ডগের বদলে যদি পিনাট বাটার দেওয়া রুটি বা ফল, বাদাম খান, তবে তা শরীরের অনেকটা উপকার করবে। তার থেকেও বড় কথা হল, ক্ষতি করবে না।

Advertisement
আরও পড়ুন