Camphor Oil

গরমে ঘাম আর খুশকির যম কর্পূরের তেল, চুলের হাল ফেরাতে বাড়িতেই বানিয়ে নিন, রইল পদ্ধতি

গরম পড়তেই গোছা গোছা চুল উঠছে? ঘাম জমে মাথার তালুতে দুর্গন্ধ? সমস্যার সমাধান হবে কর্পূরের তেলে। তবে কেনা নয়, বানিয়ে নিন বাড়িতেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৭:৫৮
Beat Summer Hair Loss and Scalp Odor with Camphor Oil

গরমে চুল ভাল রাখবে কর্পূরের তেল, কী ভাবে বানাবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

তপ্ত রোদে বাইরে বেরোলেই ঘাম আর ধুলোয় নাজেহাল অবস্থা হচ্ছে। গরমে চুলের প্রধান শত্রু হল মাথার তালুতে জমে থাকা ঘাম। এই ঘাম থেকে যেমন দুর্গন্ধ ছড়ায়, তেমনি চুলের গোড়া নরম হয়ে গিয়ে গোছা গোছা চুল উঠতে থাকে। এই সমস্যার সমাধানে দামি শ্যাম্পু বা প্রসাধন ব্যবহারের প্রয়োজন নেই। বরং হেঁশেলে বা ঠাকুরঘরে থাকা সামান্য কর্পূরই করবে মুশকিল আসান। কর্পূরের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ খুশকি দূর করবে। মাথার তালু ঠান্ডা রাখবে।

Advertisement

গরমে ঘাম জমে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তার উপর রাস্তায় ধুলোময়লা মিশে গিয়ে মাথার তালুতে ছত্রাকের সংক্রমণ হয়। সে কারণে গরমের দিনে মাথায় দুর্গন্ধ, চুলকানি বা তালুতে র‌্যাশের সমস্যাও দেখা দেয়। চুল পড়তে থাকে, চুল তেলতেলে হয়ে যায়। কর্পূর মাথার তালুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করবে। চুল পড়ার সমস্যাও কমাবে।

বাড়িতে কর্পূরের তেল কী ভাবে বানাবেন?

উপকরণ:

এক কাপ নারকেলের তেল

৩-৪টি কর্পূরের বড়ি

প্রণালী:

একটি ছোট পাত্রে নারকেলের তেল নিন। কর্পূরের বড়িগুলো গুঁড়ো করে আলাদা রাখুন। হালকা আঁচে নারকেল তেল গরম করুন। খুব বেশি ফোটাবেন না। তেল হালকা গরম হলে তাতে কর্পূরের গুঁড়ো মিশিয়ে ভাল করে নেড়ে নিন। কর্পূর গলে যাওয়ার পরে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। তেল ঠান্ডা হলে কাচের শিশিতে ভরে রাখুন।

ব্যবহারের নিয়ম

সপ্তাহে দুই দিন রাতে ঘুমনোর আগে তেল মাথার তালু ও চুলে ভাল করে মালিশ করে নিন। সকালে হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। সারা রাত মাখা থাকলে মাথার তালু ঠান্ডা হবে, ঘুম ভাল হবে। চুলের হারানো জেল্লাও ফিরবে।

Advertisement
আরও পড়ুন