Ustrasana Benefits

হাঁপানির সমস্যা রয়েছে? ফুসফুস চাঙ্গা রাখতে নিয়ম মেনে অভ্যাস করুন উষ্ট্রাসন

নিয়ম মেনে যোগাসন করলে তবেই মিলবে ফল। এই মরসুমে শরীর চাঙ্গা রাখতে কোন কোন আসন করতে পারেন, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন। রইল আসন আসান করার পদ্ধতির হদিস। আজ শিখে নিন উষ্ট্রাসন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ০৯:০১
চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

ফিট থাকতে নিয়ম করে শরীরচর্চা না করলেই নয়। তবে কাজের ব্যস্ততা ও সংসারের দায়িত্ব সামলে জিমে যাওয়ার সময় পান না অনেকেই। ফলে নানা রকম শারীরিক জটিলতা বাড়ছে। ঘন ঘন চিকিৎসকের কাছে ছুটতে হচ্ছে সমস্যা নিয়ে। ইচ্ছে থাকলে কিন্তু বাড়িতেই আধ ঘণ্টা সময় বার করে যোগাসন বা ব্যায়াম অভ্যাস করা যায়। কেবল রোগা হতেই নয়, নানা রকম রোগবালাই ঠেকিয়ে রাখতেও নিয়ম করে যোগাসন করা প্রয়োজন। অবশ্য সঠিক নিয়ম মেনে যোগাসন করলে তবেই মিলবে ফল। শরীর চাঙ্গা রাখতে কোন কোন আসন অভ্যাস করতে পারেন, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন। রইল আসন আসান করার পদ্ধতির হদিস। আজকের ব্যায়াম উষ্ট্রাসন।

Advertisement

'উষ্ট্রাসন' নামেই মালুম হয় এই আসনের ধরন। সংস্কৃতে ‘উষ্ট্র’ শব্দের অর্থ হল উট। এই আসনটি করার সময় অন্তিম পর্যায় পৌঁছলে দেখতে লাগে ঠিক উটের মতো। সেই থেকেই এই নামকরণ।

কী ভাবে করবেন?

· প্রথমে ম্যাটের উপর হাঁটু মুড়ে বসুন।

· এ বার পিছনের দিকে খানিকটা হেলে হাত দু’টি দিয়ে গোড়ালি ধরুন। এর পর মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিয়ে ধীরে ধীরে পেটের অংশটা সামনের দিকে এগিয়ে দিন।

· ডান হাতের বুড়ো আঙুলটি ডান দিকের গোড়ালির ভিতর দিকে রেখে বাকি সব আঙুল বাইরের দিকে রাখুন। বাঁ দিকের ক্ষেত্রেও একই ভাবে রাখুন। পায়ের পাতা মাটিতে রাখুন।

· আসনটি করার সময় স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিন। শেষে প্রাথমিক অবস্থানে ফিরে আসুন।

সতর্কতা

উচ্চ রক্তচাপের সমস্যা, হার্টের সমস্যা কিংবা হার্নিয়া থাকলে এই আসনটি না করাই ভাল।

কেন করবেন?

এই আসনটি করার সময় পিঠ ও মেরুদণ্ডের পেশিগুলি প্রসারিত হয়, ফলে কোমর ও পিঠের যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই আসন করতে পারেন। ফুসফুস চাঙ্গা রাখতেও এই আসন বেশ উপকারী। তলপেটে মেদ জমলেও এই আসন নিয়ম করে অভ্যাস করতে পারেন। হজমজনিত সমস্যা থেকে মুক্তি পেতেও এই আসনের উপর ভরসা রাখতে পারেন। ঋতুস্রাবের সময় পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতেও এই আসন নিয়ম করে অভ্যাস করতে পারেন।

Advertisement
আরও পড়ুন