মায়োকেমিয়া কেন হয়? ছবি: সংগৃহীত।
মাঝেমধ্যেই একটি চোখ কেমন যেন নেচে ওঠে। তবে এই চোখ নাচা বা লাফানোর সঙ্গে ভাগ্য বা দুর্ভাগ্যের কোনও সম্পর্কই নেই। বিষয়টিকে চিকিৎসার ভাষায় বলা হয় ‘মায়োকেমিয়া’। রোজের জীবনযাপনে এমন কিছু অভ্যাস আমরা করে ফেলি, যার রেশ পড়ে শরীরে ও মনে। চোখ নাচা তারই পূর্বলক্ষণ।
কী কী কারণে এমনটা হতে পারে?
১) অফিসে দিনভর ল্যাপটপ বা কম্পিউটারে কাজ। বাড়ি ফিরেই আবার হাতে মোবাইল বা ট্যাব। রাতভর মোবাইল ঘাঁটাঘাঁটি। অত্যধিক স্ক্রিন টাইমের ফলে চোখ ক্লান্ত হয়ে পড়ে। বিশ্রামের অভাবে ড্রাই আইজ়ের সমস্যা শুরু হয়, অর্থাৎ চোখের আর্দ্রতা কমে যায়। সেই কারণেই চোখের পাতা কাঁপতে শুরু করে।
২) কম ঘুমও চোখের পাতা কাঁপার আরও একটি লক্ষণ। চিকিৎসকেরা বলেন, সারা দিনের পরিশ্রমের শেষে রাতে টানা ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি। যদি ঠিকমতো ঘুম না হয়, তা হলেই চোখ ক্লান্ত হয়ে পড়ে। সেই থেকেই মাঝে মাঝে চোখ নেচে ওঠে।
৩) মানসিক চাপ যদি বাড়তে শুরু করে, তা হলে তার অনেক লক্ষণই ফুটে উঠতে থাকে চেহারায়। তার মধ্যেই একটি হল চোখের পাতা কাঁপা। খুব বেশি উদ্বেগ, দুশ্চিন্তা থেকে এমন হতে পারে।
৪) যাঁরা ঘন ঘন চা, কফি খান তাঁদের ক্ষেত্রেও চোখ কাঁপার সমস্যা হয়। বেশি মাত্রায় ক্যাফিন শরীরে ঢুকলে শরীরে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। সেই কারণেও চোখ কাঁপে অনেকের।
৫) যাঁরা অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করে, তাঁদেরও অনেক সময় এই সমস্যা হয়।