Pain Relieve Exercises

খুন্তি নাড়তে গেলেই কাঁধের যন্ত্রণায় কাতর, রাতে শুয়েও ব্যথা ভোগায়, রইল সহজ কিছু ব্যায়াম

হাত ও কাঁধের ব্যথা বড় বেশি ভোগায়। বিশেষ করে মহিলারা এই ধরনের ব্যথায় বেশি ভোগেন। রান্না করার সময়ে বা বাড়ির কাজ করা কালীন যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে। আবার যাঁরা ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন, তাঁরাও এমন ব্যথায় ভোগেন। এর থেকে রেহাই পাওয়ার উপায় কী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:১৫
Easy and simple exercises to relieve hand and shoulder pain in women

মহিলাদের কাঁধ ও হাতের ব্যথা কমবে সহজ কিছু ব্যায়ামে। ছবি: ফ্রিপিক।

কাজের মাঝেই কাঁধে ব্যথা। কিংবা ঘুম থেকে উঠে ঘাড়ে যন্ত্রণা। এমন হতেই থাকলে সাবধান হতে হবে। মহিলারা এমন ব্যথায় বেশি ভোগেন। রান্না করা সময়ে বা বাড়ির যে কোনও কাজ করার সময়ে ব্যথা আরও বাড়ে। প্রথম দিকে খুব একটা পাত্তা না দিলেও পরে এই সমস্যা এমন পর্যায়ে চলে যায় যে, ওষুধ বা ব্যথার মলম দিয়েও খুব একটা কাজ হয় না। শেষ কালে ফিজিওথেরাপির সাহায্য নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। বয়স্ক মহিলারাও এমন যন্ত্রণায় কষ্ট পান। সে ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ না খেয়ে বরং সহজ কিছু ব্যায়াম করা যেতে পারে।

Advertisement

কাঁধের ব্যথা মানেই যে ফ্রোজ়েন শোল্ডারের সমস্যা, তা না-ও হতে পারে। অনেকে আবার স্পন্ডিলাইটিসের ব্যথা ভেবে ওষুধও খেয়ে ফেলেন। এই ধরনের ব্যথা হয় পেশির দুর্বলতার কারণে। পেশিতে টান ধরেও যন্ত্রণা ভোগাতে পারে। এর সহজ সমাধান হল ব্যায়াম। মহিলাদের জন্য এমন কিছু ব্যায়াম রয়েছে, যা পেশির জোর বৃদ্ধি করবে, রক্ত সঞ্চালনও ঠিকমতো হবে। যে কোনও বয়সেই এই ব্যায়ামগুলি করা যাবে।

শোল্ডার রোল

সোজা হয়ে দাঁড়িয়ে দুই কাঁধ কানের কাছে তুলুন। তার পর ঘুরিয়ে পিছনের দিকে নামিয়ে নিন। এই ভাবে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে ১০ বার করে করুন।

আর্ম স্ট্রেচ

বাম হাতটি সোজা রেখে বুকের সামনে ডান দিকে আনুন। ডান হাত দিয়ে বাম কনুই চেপে ধরে আরও কিছুটা ডান দিকে চাপ দিন। ১০-১৫ সেকেন্ড ধরে রেখে হাত পরিবর্তন করুন। এর পর ডান হাতটি মাথার উপর তুলে কনুই ভাঁজ করুন। ডান হাতের পাতা পিঠের উপর ঝুলে থাকবে। এ বার বাঁ হাত দিয়ে ডান কনুই ধরে আলতো করে বাঁ দিকে টানুন। এতে ট্রাইসেপ ও কাঁধের পিছনের অংশের পেশির স্ট্রেচিং হবে। একে বলে ওভারহেড ট্রাইসেপ স্ট্রেচ।

কাঁধের ব্যথা কমানোর সহজ কিছু ব্যায়াম।

কাঁধের ব্যথা কমানোর সহজ কিছু ব্যায়াম। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ওয়াল পুশ-আপ

দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে দুই হাত দেওয়ালের উপর রাখুন। এ বার সাধারণ পুশ-আপের মতো দেওয়ালের দিকে শরীরের সামনের অংশ এগিয়ে নিন ও পিছিয়ে আনুন। এটি কাঁধের পেশি মজবুত করে।

আর্ম সার্কল

চেয়ারে পা ঝুলিয়ে শিরদাঁড়া টানটান করে সোজা হয়ে বসুন। দুই হাত কাঁধ বরাবর দু’দিকে সোজা করে ছড়িয়ে দিন। কাঁধ থেকে দুই হাত একসঙ্গে ঘোরান ঘড়ির কাঁটার দিকে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ৫–৭ বার হাত ঘোরাতে হবে। ঘোরানো শেষে দু’হাত কোলের উপর রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নিন। একই ভাবে বিপরীত দিকেও হাত ঘোরান। এতে কাঁধ ও হাতের ব্যথা কমে যাবে।

Advertisement
আরও পড়ুন