Yoga poes for neck pain

মাথা নীচু করে দিনভর মোবাইল স্ক্রল করে ঘাড়ে ব্যথা হয়েছে, কমবে সহজ কিছু যোগাসনে

২৫ থেকে ৪৫ বছর বয়সিদের মধ্যে ‘টেক্সট-নেক সিন্ড্রোম’-এর সমস্যা বেশি দেখা যাচ্ছে। কম বয়সের এই ব্যথাই বয়সকালে স্পাইনাল ডিস্ক ইনজুরিতে পরিণত হচ্ছে। এই সমস্যা থেকে রেহাই পেতে যোগাসনই ভরসা হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৩২
মাথা ও ঘাড়ের ব্যথা নির্মূল হবে, কোন কোন আসন রোজ অভ্যাস করবেন?

মাথা ও ঘাড়ের ব্যথা নির্মূল হবে, কোন কোন আসন রোজ অভ্যাস করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

মোবাইলে ঘাড় গুঁজে স্ক্রল করা হোক বা অফিসে ল্যাপটপের সামনে ঘণ্টার পর ঘণ্টার কাজ— কম বয়সি থেকে বয়স্ক, অনেকেই ইদানীং ঘাড়ের ব্যথায় ভুগছেন। ঘাড়, পিঠ বা কোমরের ব্যথার মূলে আছে নিয়মিত শরীরচর্চার অভাব কিংবা এক জায়গায় দীর্ঘ ক্ষণ বসে থাকা। ভুল ভঙ্গিতে বসে টিভি বা কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকার কারণেও বাড়তে পারে ঘাড়ে ব্যথার প্রকোপ। ভারী জিনিস তোলার সময়ও অসাবধনাতাবশত ঘাড়ে লেগে যেতে পারে। ব্যথা হলে প্রাথমিক ভাবে অগ্রাহ্য করলেও পরে ভোগান্তির মাত্রা বাড়তে পারে। এ ক্ষেত্রে নিয়মিত যোগাসন অভ্যাস করলেই কিন্তু যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে পারেন। কোন কোন আসনে হবে কাজ?

Advertisement

মার্জারাসন

প্রথমে মাটিতে দুই পা এবং হাতের উপর ভর দিয়ে বিড়ালের মতো ভঙ্গি করুন। এর পর এক বার পিঠ ফুলিয়ে মাথা নিচু করে শ্বাস নিন, আবার পেট ঢুকিয়ে শ্বাস ছাড়ুন। এই আসন অভ্যাস করুন ৫ বার করে অন্ততপক্ষে ৫ মিনিট।

আদভাসন

ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। দুই পা, পিঠ টানটান থাকবে। পেট মাটিতে ঠেকে থাকবে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। এ বারে দুই হাত মাথার উপরে ছড়িয়ে দিন। কনুই ভাঙলে হবে না, হাত টানটান থাকবে। কপাল মাটিতে ঠেকিয়ে রাখতে হবে। পুরো শরীর শিথিল করে আরামদায়ক ভাবে আসনটি করুন। এই অবস্থায় ২ – ৫ মিনিট বা যত ক্ষণ থাকতে পারেন, থাকতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ভাবে নিতে হবে।

ভুজঙ্গাসন

ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। এ বার হাতের তালু্ মেঝের উপর পাঁজরের দুই পাশে রাখুন। এর পর কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে উপরের দিকে তুলুন। এর পর মাথা বেঁকিয়ে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার পর পূর্বের অবস্থায় ফিরে যান। প্রথম দিকে এই আসন তিন বার করুন। পরবর্তী কালে ৫-৬ বারও করতে পারেন।

Advertisement
আরও পড়ুন