Start of Fitness Journey

প্রবল উৎসাহে ডায়েট ও জিম শুরু, তবু ভাটা পড়ল কম দিনেই? মাত্র ২ কৌশলে স্বাস্থ্যকর যাপনে ফিরুন

স্বাস্থ্যকর যাপনের পরিকল্পনা করে অনেকেই বেশি দূর এগোতে পারেন না। তার কারণ কী? ঠিক কোন দুই কৌশলে নিজেকে আবার ফিটনেস যাত্রার জন্য মাঠে নামাতে পারবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১
How to be back on your fitness journey

অভ্যাসে পরিবর্তন আনলেই শরীরচর্চার ইচ্ছা আবার ফিরতে পারে। ছবি: সংগৃহীত।

শরীরচর্চা বা ডায়েট শুরু করার সময় উৎসাহের শেষ থাকে না। নতুন জুতো, নতুন পরিকল্পনা, নতুন ডায়েট, কেউ কেউ নতুন পোশাকও কিনে ফেলেন, কেউ কেনেন নতুন বাসনপত্র। সবই প্রস্তুত হয়ে যায় সময় মতো। কিন্তু কয়েক সপ্তাহ পর থেকেই দেখা যায়, উৎসাহে ভাটা পড়েছে। ফলে ওজনও কমছে না, শক্তিও বৃদ্ধি পাচ্ছে না। আয়নার সামনে দাঁড়িয়ে হতাশা বাড়ছে। নতুন কোনও ব্যায়াম, নতুন কোনও ডায়েটের সন্ধান শুরু হয়ে যায় অনেক সময়ে। অথচ সমস্যা হয়তো লুকিয়ে রয়েছে অন্য কোথাও। অনেক সময়ে খুব সাধারণ দু’টি দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনলেই সম্ভবত শরীরচর্চার ইচ্ছা আবার চাগাড় দিতে পারে।

Advertisement

কী কী ভুল করছেন রোজ?

১. সকাল শুরু করছেন ভুল উপায়ে: সময়ের অভাবে সকাল শুরু করার সঠিক পদ্ধতি মেনে চলা হয় না কোনও দিন। সকালে স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করলে বাকি দিনটাও অনেক সহজ হয়ে যায়। কিন্তু এ ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চললে এই খামতি পূরণ হতে পারে। সকালের রুটিনের প্রতি মনোযোগী হতে গেলে মাত্র ১০টি মিনিট বা তারও কম সময়ের প্রয়োজন। কোনও একটি অভ্যাসকে বেছে নিন, তার পর সেটির সবচেয়ে সহজ ধাপটি দিয়ে শুরু করুন। যেমন ধরা যাক, হাঁটাহাঁটি করা। সকালে উঠে ১০ মিনিটেরও কম সময় হেঁটে নিন বাড়ির চারপাশে বা ছাদে। বা আপনি স্বাস্থ্যকর খাবার খেতে চান। তা হলে সারা দিনের জন্য ফল ও সব্জি দিয়ে কোনও একটি পদ বানিয়ে নিন চটজলদি। আপনি কাজের প্রতি মনোযোগী হতে চান আরও, তা হলে ৫ মিনিট শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন। প্রত্যেকটি স্বাস্থ্যকর অভ্যাসের একটি সহজ রূপ হয়। সেটিকেই বেছে নিতে হবে শুরুর দিকে। যা ১০ মিনিটেরও কম সময়ে সম্পন্ন করা যাবে। মোদ্দা কথা হল, সকালের রুটিনে অন্তত একটি স্বাস্থ্যকর অভ্যাস যোগ করুন।

২. ফিটনেস অনুশীলনের জন্য অনুপ্রেরণার অপেক্ষা করা: স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করতে হলে পরিশ্রম প্রয়োজন। স্বাস্থ্যের জন্য নির্দিষ্ট সময় ব্যয় করতেই হবে। এই তত্ত্ব এবং তথ্য সম্পর্কে আপনি অবগত। কিন্তু কোনও ভাবেই পা ফেলা শুরু করছেন না। আলস্যের কারণে নয়, অনুপ্রেরণার অভাবে এই সমস্যার মুখোমুখি হন অনেকে। সুস্থ থাকার জন্য রোজ সময় মতো উপস্থিত হতে হবে। আর তার জন্য নির্দিষ্ট, সাজানো গোছানো পরিকল্পনার প্রয়োজন। সুন্দর রুটিন তৈরি করুন। খাদ্যাভ্যাস স্থির করুন। রোজ নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে, উঠতেও হবে। প্রতি দিন একই সময়ে শরীরচর্চা করতে হবে। রুটিনে কখনও খানিক ছাড় দিতেই পারেন, কিন্তু তারই সঙ্গে কিছুটা কঠোর হতে হবে নিজের প্রতি।

সারা দিন সুস্থ থাকার জন্য সকালটা স্বাস্থ্যকর রুটিনে শুরু করা দরকার এবং নিজের রুটিন থেকে বিচ্যুত না হওয়া প্রয়োজন। আপনার যে ফিটনেস রুটিন মৃতপ্রায়, তাকে আবার জীবন্ত করে তুলতে পারেন নিজে হাতে।

Advertisement
আরও পড়ুন