Healthy Breakfast Options

খই-দুধ না কি দুধ-কর্নফ্লেক্স, প্রাতরাশে কোন খাবারটি খাওয়া বেশি স্বাস্থ্যকর?

ভারী খাবার চাই, এ দিকে মেদও বাড়বে না— এই সব শর্ত মেনে চলতে গিয়ে অনেকেই কর্নফ্লেক্সকে আপন করে নেন সকালের খাবার হিসাবে। তবে খুব বেশি সময় লাগবে না, আর কর্নফ্লেক্সের থেকে দামে অনেকটাই কম, এমন বিকল্প কিন্তু হেঁশেলেই রয়েছে। বিকল্পটি হল খই-দুধ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:২৮
জলখাবারে খই খাবেন, না কি কর্নফ্লেক্স?

জলখাবারে খই খাবেন, না কি কর্নফ্লেক্স? ছবি: সংগৃহীত।

প্রাতরাশ সারা দিনের খাবারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনটাই মত পুষ্টিবিদদের। তবে সকালের অফিস বেরোনোর তাড়ায় অনেকেই বুঝতে পারেন না, কী খাওয়া উচিত। সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় অস্বাস্থ্যকর খাবাবদাবার খাওয়া হয়ে যায়। এতে সারা দিনটাই শারীরিক অস্বস্তিতে কাটে। এমন অনেক খাবারই আছে, যা আপাতদৃষ্টিতে স্বাস্থ্যকর মনে হলেও আদতে তা নয়। অনেক বাড়িতেই বড় থেকে খুদে, সকলেই নিয়মিত দুধ-কর্নফ্লেক্স দিয়ে প্রাতরাশ সারেন। ভারী খাবার চাই, এ দিকে মেদও বাড়বে না— এই সব শর্ত মেনে চলতে গিয়ে অনেকেই কর্নফ্লেক্সকে আপন করে নেন সকালের খাবার হিসাবে। তবে খুব বেশি সময় লাগবে না, আর কর্নফ্লেক্সের থেকে দামে অনেকটাই কম, এমন বিকল্পও কিন্তু হেঁশেলেই রয়েছে। বিকল্পটি হল খই-দুধ।

Advertisement

পুষ্টিবিদেরাও প্রাতরাশে খই খাওয়ার নিদান দিচ্ছেন। পশ্চিমি সংস্কৃতিকে অন্ধ ভাবে অনুসরণ করতে গিয়ে অনেকের হেঁশেলেই এখন কর্নফ্লেক্স জায়গা করে নিয়েছে বটে, তবে খই কিন্তু যথেষ্ট উপকারী। প্রাতরাশে এমন খাবার খাওয়া জরুরি, যা সহজপাচ্য। সে দিক থেকে খই খুবই হালকা। প্রাতরাশে খই-দুধ খেলে তা হজম করতে কোনও রকম অসুবিধা হয় না। খইতে ভাল মাত্রায় ফাইবার থাকে। যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাঁদের জন্য জলখাবারে খই খাওয়া উপকারী।

ডায়াবেটিকেরাও জলখাবারে কী খাবেন, সেই ভেবে হয়রান হন। তাঁদের কাছেও খই-দুধ কিন্তু ভাল বিকল্প হতে পারে। খইয়ের গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই এই খাবারটি খেলে রক্তের শর্করার মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যায় না। কেউ বলতেই পারেন, খইয়ে শর্করা আছে। কিন্তু শর্করা মানেই যে খারাপ, তা তো নয়। শর্করাও শরীরের প্রয়োজন। বরং ডায়াবিটিসের রোগীরা যা খাচ্ছেন, তা যদি তাঁদের ভাল না লাগে তাতেও সমস্যা হতে পারে।

যাঁরা ওজন নিয়ে চিন্তিত, তাঁরাও কিন্তু প্রাতরাশে খই-দুধ রাখতে পারেন। এই খাবারটিতে ক্যালোরি কম, ফ্যাট কম অথচ ফাইবার বেশি থাকে বলে খই খেলে অনেক ক্ষণ পেট ভরতি থাকে। তাই রোগা হওয়ার ডায়েটেও জায়গা করে নিতে পারে এই খাবার।

খইতে গ্লুটেন নেই। নানা শারীরিক কারণে অনেকেই গ্লুটেন খেতে পারেন না। তাঁদের জন্য আদর্শ খাবার হতে পারে খই।

খইতে রাইবোফ্ল্যাভিন, থিয়ামিন, নায়াসিন এবং প্যান্টোথেনিক অ্যাসিডের মতো বি ভিটামিন রয়েছে, আছে ভিটামিন এ এবং ভিটামিন সি-ও। ত্বকের জন্যও কিন্তু খই খাওয়া উপকারী।

পুষ্টিগুণের দিক থেকে বিচার করলে খই-দুধ, কর্নফ্লেক্স-দুধ কিংবা ওট্স-দুধে খুব বেশি তফাত নেই। দামে কম হলেও খইয়ের উপকারিতা কিন্তু কোনও অংশেই কম নয়।

Advertisement
আরও পড়ুন