Quick Summer Meals

গরমে হেঁশেলে বেশি সময় থাকতে ইচ্ছে করছে না? চটজলদি বানানো যায় এমন কিছু খাবারের রেসিপি রইল

গরমের দিনে কাজকর্ম সেরে ফিরে বেশি সময় হেঁশেলে কাটাতে ভাল লাগে না। কিন্তু বাইরের খাবার খাওয়াও এ সময়ে ঠিক নয়। তাই চটজলদি বানানো যায়, এমন কিছু খাবারের রেসিপি রইল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৭:১৮
১৫-২০ মিনিটের মধ্যে রাঁধা যাবে, এমন কিছু খাবারের রেসিপি জেনে নিন।

১৫-২০ মিনিটের মধ্যে রাঁধা যাবে, এমন কিছু খাবারের রেসিপি জেনে নিন। ছবি: ফ্রিপিক।

দিনভর অফিসের খাটনির পরে রাতে ফিরে আর রান্নাঘরে যেতে মন চায় না অনেকেরই। বেশির ভাগ দিন বাইরে থেকে খাবার অর্ডার করেই কেটে যায়। কিন্তু বাইরের খাবার বেশি খাওয়াও শরীরের জন্য ভাল নয়। বিশেষ করে এই গরমের সময়ে। কাজেই হেঁশেলে যদি বেশি সময় কাটাতে না চান, তা হলে চটজলদি বানানো যাবে এবং স্বাস্থ্যকরও হবে, এমন কিছু খাবারের রেসিপি জেনে নিন।

Advertisement

সব্জি দিয়ে থুকপা

প্যানে তেল গরম করে আদাকুচি, রসুনকুচি দিয়ে দিন। নাড়াচাড়া করে তাতে গাজর, বিন, বাঁধাকপি, ক্যাপসিকাম কুচি ও ছোট ছোট করে কাটা চিকেন দিয়ে নাড়তে থাকুন। স্বাদমতো নুন দেবেন। সব্জি ও চিকেন হালকা ভাজা হলে তাতে জল ঢেলে ফুটতে দিন। জল ফুটে উঠলে তাতে নুডল্‌স দিয়ে ঢেকে দিন। সব্জি, চিকেন ও নুডল্‌স সেদ্ধ হয়ে গেলে তাতে এক চামচের মতো ভিনিগার দিন। কয়েক মিনিট ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে থুকপা। উপর থেকে গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

বেক্‌ড এগ-কর্ন স্ন্যাক্স

প্রথমে দু’টি ডিম ভাল করে ফেটিয়ে নিন। বেকিং পাত্র থাকলে ভাল, না হলে একটি ট্রে-তে সামান্য মাখন মাখিয়ে নিন। ডিমের সঙ্গে ভুট্টার দানা, নুন, কাঁচালঙ্কাকুচি, পেঁয়াজকুচি, গোলমরিচ গুঁড়ো, স্প্রিং অনিয়ন মেশান। পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং কুরিয়ে রাখা চিজ় দিয়ে দিন। অভেন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে রাখুন। পাত্রটি ওভেনে ১০-১২ মিনিট বেক করুন। ডিম জমে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

লেমন-গার্লিক মাশরুম রোস্ট

মাশরুম ছোট ছোট টুকরো করে কেটে নিন। রসুনকুচি, মাখন, লেবুর রস ও পার্সলে পাতা বা ধনেপাতা কুচি নিয়ে নিন। কড়াইতে সামান্য মাখন বা অলিভ অয়েল দিয়ে রসুনকুচি হালকা ভেজে নিন। এ বার তাতে মাশরুমের টুকরোগুলি দিয়ে এ পিঠ, ও পিঠ লালচে করে ভাজুন। সবশেষে নুন, গোলমরিচ এবং প্রচুর পরিমাণে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

Advertisement
আরও পড়ুন