Easy Ways to Stay Active

ব্যস্ততার দোহাই দিয়ে শরীরচর্চা এড়াচ্ছেন? অজুহাত নয়, সুস্থ থাকতে শিখে নিন সঠিক কৌশল

স্বাস্থ্যরক্ষার জন্য বাড়তি সময় নয়, দরকার সঠিক ভাবনা। দৈনন্দিন কাজকর্মের ফাঁকেই শরীর সচল রাখার নানা উপায় আছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:২৫
কাজের ব্য়স্ততায় শরীরকে অবহেলা করছেন? শরীরচর্চা কঠিন নয় মোটেই।

কাজের ব্য়স্ততায় শরীরকে অবহেলা করছেন? শরীরচর্চা কঠিন নয় মোটেই। ছবি: এআই সহায়তায় প্রণীত।

শরীরচর্চা! অত সময় কোথায়? স্বাস্থ্য ভাল রাখার প্রশ্ন উঠলে, অনেকের মুখেই এমন কথা শোনা যায়। কখনও সংসার-পেশাগত কাজের চাপ, কখনও আবার আলস্যই শরীরচর্চা নিয়ে বিমুখ হওয়ার কারণ হয়ে ওঠে। তবে বেঙ্গালুরুর ফিটনেস প্রশিক্ষক স্ফূর্তি এস বলছেন, ‘‘এক ঘণ্টা নয়, শরীর সুস্থ থাকতে দিনে অল্প কিছুটা সময়ই যথেষ্ট।’’

Advertisement

অনেকেই ভাবেন, শরীরচর্চা করতে লম্বা সময়ের দরকার। কারও আবার জিমে যাওয়াতে অনীহা থাকে। ফিটনেস প্রশিক্ষকের কথায়, নিয়ম করে ব্যায়াম, যোগাসন না করতে পারেলও, যদি হাঁটাহাটি, দৈনন্দিন কাজে একটু সক্রিয় থাকা যায়, তা হলে শরীর সচল থাকে, বিপাক ভাল হয়।

দীর্ঘ সময় বসে কম্পিউটারর সামনে কাজই এখনকার কর্মসংস্কৃতি। এই কাজে, মাথা ঘামাতে হলেও কায়িক শ্রম কম। ঠায় বসে থাকায় অঙ্গ সঞ্চালনও হয় না, ফলে শরীরে রক্তপ্রবাহ কমে যায়। হার্টের জন্যও এমন অভ্যাস ক্ষতিকর। তা ছাড়া, লম্বা সময় এক ভাবে বসে থাকার ফলে কোমর, অস্থিসন্ধিতে ব্যথার সমস্যাও দেখা যায়। ফিটনেস প্রশিক্ষক মনে করাচ্ছেন, স্বাস্থ্যরক্ষার জন্য বাড়তি সময় নয়, দরকার সঠিক ভাবনা। দৈনন্দিন কাজকর্মের ফাঁকেই শরীর সচল রাখার নানা উপায় আছে।

কী সেই উপায়?

১। ঘরে বসে টিভি দেখছেন কিংবা ছুটির দিন আধশোয়া হয়ে ওয়েব সিরিজ় উপভোগ করছেন? পুরো সময়টা বসে বা শুয়ে না থেকে ঘরেই মিনিট ৫-১০ পায়চারি করে নিন। দাঁত মাজার সময়ে খানিকটা হেঁটে নিন। দাঁত মাজতে মাজতে ছাদে গিয়ে খোলা হাওয়ায় ঘুরুন। রোদ লাগানোও শরীরের জন্য জরুরি।

২। সারা দিনে কাজের ফাঁকে মাঝে মধ্যে একটু বডি স্ট্রেচ করে নিন। স্ট্রেচিং হল এমন ব্যায়াম যেখানে শরীরের পেশি প্রসারিত করা হয়। হালকা এই ব্যায়াম কাজের ফাঁকে ১-২ মিনিট করে নিলেও শরীরে রক্ত সঞ্চালন ভাল ভাবে হবে।

৩। সারা দিনে সিঁড়ি দিয়ে ওঠা, হাঁটা, পায়চারির সময় বাড়িয়ে নিন। আলাদা করে সময় দিতে হবে না। কাজের ফাঁকেই হতে পারে। যেমন বাড়িতে একটু বেশি বার সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। অফিসেও মাঝেমধ্যে লিফ্‌ট এড়িয়ে সিঁড়ি বেছে নিন। এক ঘণ্টা অন্তর ১ মিনিট করে হেঁটে নিন।

৪। কাজের ফাঁকে চেয়ারে বসেই হাঁটুর ও কোমরের ব্যায়াম সারতে পারেন। যে ব্যায়াম চেয়ারে বসেই হতে পারে, সেগুলি করতে পারেন।

৫। দুপুরে খাওয়ার পরে ৫ মিনিটের বিরতি নিন। এই সময় অফিসের জরুরি ফোনগুলি সেরে নিন। কথা বলতে বলতেই হেঁটে আসুন। দুপুর এবং রাতে খাওয়ার খানিক পরে মিনিট পাঁচেক হাঁটলে হজম ভাল হবে, শরীরও ভাল থাকবে।

Advertisement
আরও পড়ুন