Curd Based Drinks

পেটের সমস্যা সারবে, গরমে শরীর জুড়োবে, দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ৫ রকম পানীয়

গরমে টক দই খাওয়া ভাল, তা সকলেই জানেন। গরমে শরীরে জলের ঘাটতি পূরণ করতে নিয়মিত ছাস, ঘোল কিংবা লস্যি খান অনেকে। দই দিয়ে আরও নানা রকম সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয়ও বানানো যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৬:১২
রোদে পুড়ে ঘরে ফিরেই শান্তি, দই দিয়ে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু কিছু পানীয়।

রোদে পুড়ে ঘরে ফিরেই শান্তি, দই দিয়ে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু কিছু পানীয়। ছবি: ফ্রিপিক।

পেটের সমস্যা এখন ঘরে ঘরে। আজ জ্বর, তো কাল পেটের গোলমাল। আর পেটের রোগ একবার ধরলে তা সহজে সারতেই চাইছে না। ওষুধ খেয়েও লাভ হচ্ছে না তেমন। চিকিৎসকেরা বলছেন, নোরোভাইরাস বা রোটাভাইরাসের সংক্রমণ বেড়েছে। বাইরের খাবার, রাস্তায় বিক্রি হওয়া ঠান্ডা পানীয় বা কাটা ফল থেকে ভাইরাস ছড়াচ্ছে আর সে কারণে দেখা দিচ্ছে ‘স্টমাক ফ্লু’। ছোটরা বেশি ভুগছে। বয়স্কেরাও রয়েছে সেই তালিকায়। তাই এই সময়ে খাওয়াদাওয়ায় বিশেষ নজর দেওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকেরা। গরম পড়ছে। শরীর ঠান্ডা রাখতে অনেকেই রাস্তায় বেরিয়ে আখের রস বা শরবত খান। সেগুলির বদলে ঘরেই স্বাস্থ্যকর পানীয় তৈরি করে নেওয়া ভাল। আর তা করা যায় দই দিয়েই।

Advertisement

পেটের জন্য যে খাবারগুলি ভাল, তার মধ্যে তালিকায় প্রথমেই আছে টক দই। ডায়েট নিয়ে যাঁরা সচেতন, তাঁরা প্রোবায়োটিক কথাটির সঙ্গে পরিচিত। ইদানীং অবশ্য ইন্টারনেটের দৌলতে প্রোবায়োটিক পরিচিত নামই হয়ে উঠেছে। প্রোবায়োটিক হল কিছু ভাল ব্যাক্টেরিয়া, যারা হজমে সাহায্য করে। এই প্রোবায়োটিকের অন্যতম উৎস হল দই। কাজেই দই যে পেটের জন্য ভাল তা আর বলে দিতে হয় না। গরমের সময়ে দই-ভাত বা দই-চিঁড়ে অবশ্যই খাবেন, তবে দই দিয়ে কিছু উপাদেয় পানীয়ও বানিয়ে নিতে পারেন। ঘরে অতিথি এলে চিনি দেওয়া শরবতের বদলে দই দিয়ে তৈরি সুস্বাদু পানীয়ই পরিবেশন করতে পারেন।

কী কী পানীয় তৈরি করবেন দই দিয়ে?

দইয়ের মশলা ঘোল

১ কাপ টক দই, ২ কাপ ঠান্ডা জল, সামান্য বিট নুন, ভাজা জিরে গুঁড়ো, কুচোনো আদা, কাঁচালঙ্কা এবং ধনেপাতা নিয়ে নিন। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ব্লেন্ডারে ঘোরনোর সময়ে একটু বরফও দিয়ে নিতে পারেন।উপরে সামান্য পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

পুদিনা ও দইয়ের শরবত

এই পানীয়টি পেট ঠান্ডা রাখবে। ছোটদেরও নিয়মিত খাওয়াতে পারেন। ১ কাপ টক দই, একমুঠো টাটকা পুদিনা পাতা, লেবুর রস, বিট নুন নিতে হবে। পুদিনা পাতা আগে বেটে নিন। তার পর দই ও বাকি উপকরণ দিয়ে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

মশলা ঘোল, লস্যি থেকে পুদিনা-দইয়ের শরবত, দই দিয়ে নানা রকম পানীয় তৈরি করা যায়।

মশলা ঘোল, লস্যি থেকে পুদিনা-দইয়ের শরবত, দই দিয়ে নানা রকম পানীয় তৈরি করা যায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বেরি লস্যি

স্ট্রবেরি পেলে ভাল, না হলে বেদানাও নিতে পারেন। আধ কাপের মতো স্ট্রবেরি বা বেদানা, ১ কাপ টক দই, সামান্য ভ্যানিলা এসেন্স ও মধু নিয়ে নিন। দইয়ের সঙ্গে বেদানা বা স্ট্রবেরি ভাল করে ব্লেন্ড করে নিন। এর পর সামান্য ভ্যানিলা এসেন্স ও মধু মিশিয়ে পরিবেশন করুন।

শসা-পুদিনার কুলার

গরমে ডিহাইড্রেশন বা শরীরের জলশূন্যতা ঠেকাবে এই পানীয়। ছোটদের ও বয়স্কদের জন্য খুব উপকারী। ডায়াবিটিস থাকলে এই পানীয় সকালে খেতে পারেন। পানীয়টি বানাতে লাগবে একটি মাঝারি মাপের শসা, ১ কাপ টক দই, সামান্য গোলমরিচ ও নুন। শসা কুচিয়ে দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন। পাতলা করতে চাইলে সামান্য জল মেশাতে পারেন। নুন ও গোলমরিচ ছড়িয়ে উপরে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করতে পারেন।

শসা-দইয়ের কুলার।

শসা-দইয়ের কুলার। ছবি: ফ্রিপিক।

জাফরানি বাদাম লস্যি

ঘরে অতিথি এলে পানীয়টি তৈরি করতে পারেন। ১ কাপ ঘন দই, ভেজানো কাঠবাদাম, পেস্তা, সামান্য জাফরান (দুধে ভেজানো) এবং চিনি লাগবে পানীয়টি বানাতে। দইয়ের সঙ্গে কাঠবাদাম ও পেস্টা বেটে নিন। তার পর জাফরান গোলা দুধ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। উপর থেকে আরও খানিকটা কাঠবাদামের কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন