Yoga Benefits

ঘাড়ে ব্যথার কারণ ‘টেক নেক’ নয় তো? সারবে সহজ যোগাসনে, শিখে নিন পাঁচ মিনিটের একটি ব্যায়াম

২৫ থেকে ৪৫ বছর বয়সিদের মধ্যে ‘টেক্সট-নেক সিন্ড্রোম’-এর সমস্যা বেশি দেখা যাচ্ছে। কম বয়সের এই ব্যথাই বয়সকালে স্পাইনাল ডিস্ক ইনজুরিতে পরিণত হচ্ছে। এই সমস্যা থেকে রেহাই পেতে যোগাসনই ভরসা হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১০:০০
ঘাড়ে ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়ার সমস্যা কমতে পারে সহজ যোগাসনে।

ঘাড়ে ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়ার সমস্যা কমতে পারে সহজ যোগাসনে। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

বয়স কুড়ি হোক বা ষাট, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে চোখ বন্ধ করার আগের মুহূর্ত পর্যন্ত ফোনে মুখ গুঁজে খুটখাট, টুকটাক আওয়াজ চলতেই থাকে। সমাজমাধ্যমের দৌলতে কমবেশি সকলেই দিনের বেশ খানিকটা সময় মোবাইলে চোখ রেখে বসে থাকেন। এই অভ্যাস কিন্তু মনের পাশাপাশি শরীরেরও ক্ষতি করে। সারা ক্ষণ ঘাড় গুঁজে ফোন বা ল্যাপটপের পর্দার দিকে চোখ রেখে বসে থাকার কারণে ঘাড় ও কাঁধের ব্যথা ভোগায় অনেককেই। এ ব্যথার নাম ‘টেক্সট নেক সিনড্রোম’। চিকিৎসকদের আশঙ্কা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারই এই সমস্যার মূলে। দিনের অনেকটা সময় মোবাইল ফোন ব্যবহার করলে হাতের পেশি ও লিগামেন্টের উপর চাপ পড়ে। দীর্ঘ দিন এমনটা হতে থাকলে সেই ব্যথা মেরুদণ্ডের উপরেও প্রভাব ফেলে। মেরুদণ্ড বেঁকেও যেতে পারে।

Advertisement

এ সমস্যা বদলাতে জীবনধারায় বদল আনা প্রয়োজন। আর তা সম্ভব ব্যায়ামেই। যোগাসনের কিছু পদ্ধতি আছে, যা ঘাড় ও কাঁধের ব্যথা থেকে রেহাই দিতে পারে। তার মধ্যে একটি গ্রীবা সঞ্চালন।

কী ভাবে করবেন?

১) প্রথমে ম্যাটের উপর পা মুড়ে পিঠ সোজা রেখে বসুন। চেয়ারে পা ঝুলিয়েও বসতে পারেন। তবে শরীর ঝোঁকালে চলবে না।

২) শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে সামনের দিকে মাথা ঝুঁকিয়ে চিবুক বুকে ঠেকান। এই ভঙ্গিটি কয়েক সেকেন্ড ধরে থাকুন। এ বার ঘাড় সোজা করে আগের অবস্থানে ফিরুন।

৩) এর পরে পিছনের দিকে ঘাড় হেলিয়ে আরও কয়েক সেকেন্ড থাকুন। এই ভাবে সামনে ও পিছনে ঘাড় হেলিয়ে ৫-৭ বার প্রক্রিয়াটি করতে হবে।

৪) এ বারে পিঠ সোজা রেখেই ধীরে ধীরে ডান দিকে ঘাড় ঘোরান। কাঁধ যেন সোজা থাকে। এই অবস্থানে কয়েক সেকেন্ড থাকুন।

৫) একই ভাবে বাঁ দিকে ঘাড় ঘুরিয়ে কয়েক সেকেন্ড থাকতে হবে।

৬) ৫-৭ বার প্রক্রিয়াটি করে আগের অবস্থানে ফিরে আসুন।

উপকারিতা:

আসনটি নিয়মিত করলে ঘাড় ও কাঁধের ব্যথা দূর হবে।

স্পন্ডিলাইটিসের কারণে ঘাড়ে ব্যথা হলে তা-ও কমবে।

ফ্রোজ়েন শোল্ডারের সমস্যায় এই ব্যায়ামটি কার্যকরী হতে পারে।

মাথাযন্ত্রণা বা মাইগ্রেনের ব্যথা যাঁদের ভোগায়, তাঁরা আসনটি করলে উপকার পাবেন।

কারা করবেন না?

ভার্টিগোর সমস্যা থাকলে আসনটি করবেন না।

উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া আসনটি করবেন না।

Advertisement
আরও পড়ুন