Amla side-effects

শরীর চাঙ্গা রাখতে রোজ আমলকি খান? কোন কোন অসুখ থাকলে এই অভ্যাস উল্টে ক্ষতি করবে?

রক্তে শর্করার মাত্রা কম রাখতে, ত্বকের তারুণ্য বজায় রাখতে, চুলের স্বাস্থ্য ভাল রাখতেও উপকারী আমলকি। কিন্তু তার পাশাপাশি আমলকি খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। জেনে নিন কোন কোন অসুখ থাকলে আমলকি এড়িয়ে চলাই ভাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:৩৯
কারা আমলকি খাবেন না?

কারা আমলকি খাবেন না? ছবি: সংগৃহীত।

রোজ সকালে খালি পেটে এক টুকরো আমলকি। ব্যস, তাতেই দূর হবে শরীরের বহু রোগ। যুগ যুগ ধরে এই টোটকা মেনে এসেছেন মানুষ। কেউ খালি পেটে আমলকির রস খান, কেউ আবার ভাতের পাতে একটা করে আমলকি সেদ্ধ নিয়ম করে খান। সর্দিকাশি তো দূরে থাকেই, ব্যাক্টেরিয়া সংক্রমণের থেকেও বাঁচায় আমলকি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায়, এটি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এ ছাড়া রক্তে শর্করার মাত্রা কম রাখতে, ত্বকের তারুণ্য বজায় রাখতে, চুলের স্বাস্থ্য ভাল রাখতেও উপকারী এই ফল। কিন্তু আমলকি খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। জেনে নিন কোন কোন অসুখ থাকলে আমলকি এড়িয়ে চলাই ভাল।

Advertisement

১) যাঁদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে বা যাঁদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্টে স্টেন্ট বসেছে, তাঁদের অনেককেই নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়। আমলকিতেও এমন উপাদান রয়েছে, যা রক্তকে আরও বেশি তরল করতে পারে। যা সাধারণ মানুষের হার্টের স্বাস্থ্যের জন্য ভাল। কিন্তু যাঁরা ইতিমধ্যেই হার্টের সমস্যার জন্য অ্যাসপিরিন, ক্লপিড্রোগ্রেল, ওয়ারফারিন জাতীয় ওষুধ খাচ্ছেন, তাঁরা রোজ একটা করে আমলকি খেলে রক্ত আরও তরল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সে ক্ষেত্রে কেটে গেলে রক্ত বন্ধ হতে চাইবে না সহজে। অনেকের নাক থেকে রক্তপাতও হতে পারে। তাই এই ধরনের রোগীরা আমলকি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

২) অ্যাসিডিটি বা বদহজম থাকলেও আমলকি খাওয়ার আগে সতর্ক থাকুন। বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেনসিটিভিটি থাকলে আমলকি খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। এ ছাড়া আলসার কিংবা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকলেও বুঝেশুনে আমলকি খাওয়া উচিত। এঁদের ক্ষেত্রে আমলকি খেলেও অ্যাসিডিটির সমস্যা বাড়বে। বুকজ্বালা, পেটফাঁপা, পেটে ব্যথাও হতে পারে আমলকি খেলে।

৩) আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা শরীরে গিয়ে অক্সালেটে পরিণত হয়। এই অক্সালেট আবার কিডনিতে স্টোন (ক্যালশিয়াম অক্সালেট স্টোন) তৈরি করতে পারে। তাই যাঁদের এক বার কিডনি স্টোন হয়েছে বা যাঁদের রেনাল ফাংশন ডিজ়অর্ডার রয়েছে, তাঁদের অসুখের ঝুঁকি বাড়তে পারে আমলকি খেলে। সে ক্ষেত্রে কিন্তু রোজের ডায়েটে আমলকি না রাখাই ভাল।

৪) আমলকি অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ভাল বলেই মনে করেন অধিকাংশে। তবে এটি অল্প পরিমাণে খাওয়াই ভাল বলে জানাচ্ছেন পুষ্টিবিদেরা। কারণ অতিরিক্ত খেলে গ্যাসট্রিক এবং হজমের সমস্যা বাড়তে পারে। বাড়তে পারে ডায়েরিয়ার ঝুঁকিও। তবে এ ব্যাপারে আরও গবেষণার প্রয়োজন আছে।

৫) যাঁদের রক্তচাপ সাধারণত কম থাকে তাঁদেরও রোজের ডায়েটে আমলকি রাখার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমলকিতে ভরপুর মাত্রায় পটাশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন সি থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই উচ্চ রক্তচাপ থাকলে আমলকি খেতে বলেন পুষ্টিবিদেরা। তবে লো প্রেসার থাকলে সতর্ক থাকাই ভাল।

Advertisement
আরও পড়ুন