স্তন ক্যানসারের অস্ত্রোপচারের পরে নতুন বিপদে রন্ধনশিল্পী? ছবি: সংগৃহীত।
রন্ধনশিল্পী হিসাবে বেশ পরিচিত মুখ। দেশের প্রথম ‘মাস্টারশেফ’ বিজয়ী পঙ্কজ ভাদোরিয়া কিছু দিন আগেই তাঁর স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। অস্ত্রোপচারের পরে সেরেও ওঠেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর করা একটি পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে। পঙ্কজ সেখানে লিখেছেন, এতদিনের লড়াই শেষে আবার সব শূন্য থেকে শুরু করতে হচ্ছে। কী কারণে তিনি এত উদ্বেগে, তা নিয়ে যথেষ্টই কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।
কী হয়েছে পঙ্কজ ভাদোরিয়ার?
গত ২৯ মে পঙ্কজ ভাদোরিয়ার স্তন ক্যানসারের অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, চার সপ্তাহের বিশ্রামের পর তিনি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন। কিন্তু অস্ত্রোপচার পরবর্তী বায়োপসির রিপোর্ট দেখে ফের সংশয় তৈরি হয়। চিকিৎসকেরা জানান, ‘২ মিলিমিটার ইনভেসিভ কম্পোনেন্ট’ রয়ে গিয়েছে পঙ্কজের শরীরে। সেটি কী?
ক্যানসার কোষগুলি যখন তদের সীমানা ছাড়িয়ে আশপাশেও ছড়িয়ে পড়তে থাকে, তখনই তাকে বলে ‘ইনভেসিভ কম্পোনেন্ট’। অর্থাৎ, চারপাশের সুস্থ কোষগুলিকেও ক্ষতিগ্রস্ত করতে শুরু করেছে ক্যানসার কোষ। পঙ্কজের ক্ষেত্রে স্তনে গজিয়ে ওঠা টিউমার অপসারণ করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু সেই টিউমারে থাকা কিছু ক্যানসার সৃষ্টিকারী কোষ আশপাশেও ছড়িয়ে পড়েছিল। বায়োপসির রিপোর্ট অনুযায়ী, প্রায় ২ মিলিমিটার জায়গা জুড়ে ছড়িয়েছে ক্যানসার কোষ। এতে দু’টি সমস্যা হতে পারে— প্রথমত, স্তন ক্যানসার আবারও ফিরে আসতে পারে, দ্বিতীয়ত, ছড়িয়ে পড়া ক্যানসার কোষ রক্তবাহিত হয়ে শরীরের অন্যান্য অঙ্গেও ক্যানসার ঘটাতে পারে।
চিকিৎসকেরা বলছেন, ক্যানসার ফিরে আসা অনেকটাই নির্ভর করে পারিবারিক ইতিহাসের উপর। এই পুনরাবৃত্তিরও আবার রকমফের আছে। সাধারণত তিন রকম জায়গায় ক্যানসার ফিরে আসার সম্ভাবনা থাকে।
১) যে জায়গায় ক্যানসার হয়েছিল, সেখানেই।
২) যে জায়গায় আগে হয়েছিল, তার সংলগ্ন এলাকায়।
৩) রক্তের মাধ্যমে ক্যানসার কোষ বাহিত হয়ে দেহের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়া।
সেরে ওঠার পরেও আবার আক্রান্ত হওয়ার কারণ, দেহে ক্যানসার কোষের উপস্থিতি। যা পেট সিটি স্ক্যান বা ম্যামোগ্রাফির মতো পরীক্ষাতেও সহজে ধরা পড়ে না। যত ক্ষণে রোগী বুঝতে পারেন, তত ক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। সাধারণত প্রথম বার ক্যানসার থেকে সেরে ওঠার পর তিন-চার বছরের মধ্যেই আবার তা ফিরে আসার সম্ভাবনা থেকে যায়। তাই অস্ত্রোপচারের পরেও নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হয়। পঙ্কজের চিকিৎসকেরা জানিয়েছেন, ফের একবার কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হবে রন্ধনশিল্পীকে। তাই ক্যানসারের অস্ত্রোপচার হয়ে যাওয়ার পরে চিকিৎসা ছেড়ে দিলে বিপদ ঘটতে পারে। বরং নিয়মিত পরীক্ষার মধ্যে থাকাই জরুরি।