UV Sunglasses

রোদের তেজে ফোটোকেরাটাইটিসের ভয়! চোখ বাঁচাতে পরতে পারেন ‘ইউভি সানগ্লাস’, দাম কত?

চড়া রোদে বেশি ক্ষণ থাকলে হিট স্ট্রোকের ঝুঁকি যতখানি, তার চেয়েও বড় সমস্যা হত পারে চোখে। রোদ থেকে ফিরে অনেকেরই চোখে চুলকানি হয়, চোখ লাল হয়ে ফুলে ওঠে। তাই চোখ বাঁচাতে এই সময়ে জরুরি ইউভি সানগ্লাস। কী কী সুবিধা দেবে? দাম কত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১২:৩১
Why UV Protection Sunglasses are eessential this Summer

গরমে কেন জরুরি ইউভি সানগ্লাস, কেনার আগে জানুন খুঁটিনাটি। ফাইল চিত্র।

পোশাকের সঙ্গে মানাচ্ছে তো, চুলের সাজসজ্জার সঙ্গে কেমন লাগছে— সানগ্লাস কেনার আগে অধিকাংশ ক্রেতাই এ কথা ভাবেন। কিন্তু সানগ্লাস কি শুধুই ফ্যাশনের জন্য? গরমের সময়ে তো একেবারেই নয়। সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি থেকে চোখ বাঁচাতে রোদে বেরোলে সানগ্লাসই সবচেয়ে বেশি জরুরি। চড়া রোদ যে কেবল হিটস্ট্রোকের কারণ হয়ে উঠবে তা নয়, সবচেয়ে বেশি ক্ষতি করবে চোখেরই। রোদের তেজে কর্নিয়ার ক্ষতি হয়, ফলে ফোটোকেরাটাইটিস নামে চোখের অসুখ হতে পারে। এর থেকে বাঁচতে ইউভি প্রোটেকশন সানগ্লাসই জরুরি।

Advertisement

ইউভি সানগ্লাস কী ভাবে চোখ বাঁচাবে?

ইউভি সানগ্লাসের লেন্সে এমন পদার্থ থাকে যা সূর্যের ইউভি-এ ও ইউভি-বি রশ্মি প্রতিরোধ করতে পারে। ফলে এই সানগ্লাস চোখে পরা থাকলে সূর্যের অতিবেগনি রশ্মি চোখ ও তার চারপাশের অংশের ক্ষতি করতে পারবে না। অতিবেগনি রশ্মির বিকিরণ তিন ধরনের— ইউভি-এ, ইউভি-বি এবং ইউভি-সি। এর মধ্যে ইউভি-এ ও ইউভি-বি চোখের উপরিতলের কোষ-সহ কর্নিয়া ও লেন্সের ক্ষতি করতে পারে। অল্প সময়ে বেশি মাত্রায় অতিবেগনি রশ্মি চোখে পড়লে রেটিনায় ক্ষতি হতে পারে। এর থেকে সোলার রেটিনোপ্যাথির সমস্যা দেখা দিতে পারে, যা পরবর্তী সময়ে ‘ফোটোকেরাটাইটিস’-এর কারণ হয়ে উঠতে পারে। এই সমস্যা হলে দৃষ্টি ঝাপসা হতে থাকে, দৃষ্টিশক্তি চলেও যেতে পারে।

ইউভি সানগ্লাসের সুবিধা আরও রয়েছে। দীর্ঘ ক্ষণ রোদে থাকলে চোখে ছানি পড়া ঝুঁকি বাড়ে। সানগ্লাস পরা থাকলে এই আশঙ্কা কমবে।

রোদ থেকে ফিরে অনেকেরই চোখ লাল হয়ে যায়, চোখের পাতা ভারী লাগে এবং অনবরত চোখে চুলকানি হতে থাকে। চোখ থেকে অনবরত জলও পড়তে থাকে। ইউভি সানগ্লাস পরা থাকলে এ সমস্যা হবে না।

চোখের চারপাশের ত্বক খুবই সংবেদনশীল। টানা রোদে থাকলে ত্বকের কোলাজেন নষ্ট হয়ে গিয়ে চোখের চারপাশের ত্বক কুঁচকে যেতে পারে। তাতে বলিরেখাও পড়তে পারে। ইউভি সানগ্লাস পরা থাকলে সে সমস্যা হবে না।

কেনার আগে কী কী দেখবেন?

সানগ্লাস কেনার সময় দেখে নেবেন ১০০ শতাংশ ইউভি প্রোটেকশন দিচ্ছে কি না। অনেকেরই ধারণা, রোদচশমার কাচ যত গাঢ় রঙের হবে, তত বেশি রোদ থেকে চোখ বাঁচাবে। আসলে অতিবেগনি রশ্মি থেকে সুরক্ষার সঙ্গে গাঢ় বা হালকা রঙের কাচের কোনও সম্পর্ক নেই।

চশমা কেনার সময়ে তা আকারে বড় কিনবেন যাতে পুরো চোখ ও তার চারপাশ ঢেকে রাখতে পারে।

রোদচশমা কিনতে হবে দিনের বেলা। কেনার আগে সানগ্লাস পরে দোকানের বাইরে এসে অবশ্যই পরখ করে নেবেন চোখ কতটা স্বচ্ছন্দ বোধ করছে।

ইউভি প্রোটেকশন সানগ্লাস কিনলে নামী ব্র্যান্ড দেখেই কিনতে হবে। কম দামের চশমাগুলি কতটা সুরক্ষা দিতে পারবে সে নিয়ে সন্দেহ রয়েছে। ভাল মানের ইউভি সানগ্লাসের দাম ১০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে শুরু। ব্র্যান্ড অনুযায়ী দাম ৫ হাজার থেকে ১৫ হাজার বা তার বেশিও হতে পারে।

Advertisement
আরও পড়ুন