Effects of Aluminum Foil

৪০০ ক্যান সোডার চেয়ে বেশি অ্যালুমিনিয়াম থাকে খাবার গরম রাখার ফয়েলে! বিপদ কতটা?

অ্যালুমিনিয়ামের ফয়েলে টিফিন মুড়ে দিচ্ছেন? প্লাস্টিক নয় বলেই কিন্তু তা নিরাপদ নয়। কোন বিপদ হতে পারে এতে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৯:৪৬
Why Wrapping Food in Aluminum Foil Can Be Dangerous for Your Health

কতটা ক্ষতিকর অ্যালুমিনিয়াম ফয়েল? ছবি: সংগৃহীত।

ছোট থেকে বড়দের টিফিন মুড়িয়ে দিচ্ছেন অ্যালুমিনিয়ামের ফয়েলে? বিরিয়ানি থেকে মাংস রান্নার জন্য মাইক্রোওয়েভ অভেনে রান্নার পাত্র ফয়েল পেপারে মুড়ে দিচ্ছেন? ভাবছেন প্লাস্টিক তো নয়, এতে আর ক্ষতি কি! কিন্তু বিপদ সেখানেই।

Advertisement

মুম্বই নিবাসী স্বাস্থ্য সংক্রান্ত প্রশিক্ষক, লেখক প্রশান্ত দেশাই বলছেন, খাবার মুড়ে দেওয়ার একটি অ্যালুমিনিয়াম ফয়েলে ৪০০টি সোডা ক্যানের চেয়েও বেশি অ্যালুমিনিয়াম থাকে। গরম খাবার যখন তা দিয়ে মোড়া হয়, প্রচণ্ড তাপে তা গলতে থাকে। বাড়তি অ্যালুমিনিয়াম শুধু মস্তিষ্কের স্বাস্থ্যেরই ক্ষতি করে না, শরীরের আয়রন এবং ম্যাগনেশিয়াম শোষণেও বাধা হয়ে দাঁড়ায়।

মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের মেডিসিনের চিকিৎসক মঞ্জুষা আগরওয়াল বলছেন, অ্যালুমিনিয়াম যদি একটি নির্দিষ্ট মাত্রার উপরে শরীরে প্রবেশ করে, স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে। সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে তা। দীর্ঘ সময় মাত্রাতিরিক্ত অ্যালুমিনিয়াম শরীরে গেলে স্মৃতিনাশের মতো অসুখও দেখা দিতে পারে। তা ছাড়া, কিডনির সমস্যাতেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

খাবার দীর্ঘ ক্ষণ গরম রাখার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়। অনেক সময় রান্না করার জন্যও ফয়েল দিয়ে পাত্রের উপরিতল ঢেকে দেওয়া হয়, যাতে ভাপ না বেরিয়ে যায়। চিকিৎসক মনে করাচ্ছেন, উচ্চ তাপে ফয়েল মুড়িয়ে রান্নার পন্থাও অত্যন্ত ক্ষতিকর। কারণ, তাপ বাড়লেই অ্যালুমিনিয়াম খাবারে মিশবে।

সাধারণত একটি সোডা ক্যানে ১২-১৩ গ্রাম অ্যালুমিনিয়াম মেলে। ৪০০ সোডা ক্যানের হিসাবে অঙ্ক কেজিতে চলে যায়। অ্যালুমিনিয়াম ফয়েলও ছোট বড় হয়। একটি বড় অ্যালুমিনিয়াম ফয়েলে অ্যালুমিনিয়ামের মাত্রা থাকে অনেকটাই বেশি।

চিকিৎসকেরা মনে করাচ্ছেন, নিয়মিত তাতে খাবার ভরে দিলে বিপদের ঝুঁকি বাড়বে অনেকটাই। প্রতি দিন শরীরে অ্যালুমিনিয়াম প্রবেশ করলে খনিজের মাত্রা ছাড়াবে। পাশাপাশি অ্যাসিড জাতীয়, নোনতা খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে না মোড়াই ভাল, কারণ এই উপাদানগুলির সঙ্গে অ্যালুমিনিয়াম দ্রুত বিক্রিয়া করে।

কোনও কিছু না মুড়ে স্টিলের বা কাচের টিফিন কৌটোয় খাবার ভরে দেওয়া যেতে পারে। পাশাপাশি, রান্নার সময়েও সতর্কতা জরুরি।

Advertisement
আরও পড়ুন