Relationship Astrology

প্রেমে ছেঁকা খেয়ে কেউ হয়ে ওঠেন ভোজনবিলাসী, কেউ বেরিয়ে পড়েন বেড়াতে! বিচ্ছেদের যন্ত্রণা কী ভাবে সামলান ১২ রাশি

জ্যোতিষশাস্ত্র মতে, এক জন ব্যক্তি কী ভাবে হৃদয়ভঙ্গের ধাক্কা সামলাবেন, তা তাঁর রাশিচক্র দ্বারাও প্রভাবিত হয়। দেখে নেওয়া যাক, প্রতিটি রাশি কী ভাবে মন ভাঙার ক্ষতগুলি সারিয়ে তোলেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৪:২১

—প্রতীকী ছবি।

প্রতিটি মানুষের জীবনেই কখনও না কখনও হৃদয়ভঙ্গের শিকার হয়েছেন। যাঁরা ভুক্তভোগী তাঁরা বলেন মন ভাঙার কষ্ট শরীরের চেয়ে অনেক বেশি। প্রেমের সাগরে ডুব দেওয়ার পর বিচ্ছেদের যন্ত্রণা সইতে পারার ক্ষমতা সকলের সমান নয়। মন ভাঙার অনুভূতি প্রায় এক হলেও তা সামলানোর ধরন প্রতিটি মানুষের ভিন্ন।

Advertisement

জ্যোতিষশাস্ত্র মতে, এক জন ব্যক্তি কী ভাবে হৃদয়ভঙ্গের ধাক্কা সামলাবেন, তা তাঁর রাশিচক্র দ্বারাও প্রভাবিত হয়। দেখে নেওয়া যাক, প্রতিটি রাশি কী ভাবে মন ভাঙার ক্ষতগুলি সারিয়ে তোলেন।

মেষ: হৃদয়ভঙ্গের পর মেষ রাশির জাতক-জাতিকার ঘুরে দাঁড়ানোটা বেশ ইতিবাচক দিকেই ঘুরে যায়। দুঃখ বা বিষণ্ণতায় ডুবে থাকার চেয়ে তাঁরা সেই যন্ত্রণাকেই প্রেরণায় পাল্টে ফেলেন। জিম, খেলাধুলা বা নতুন কোনও চ্যালেঞ্জিং কাজে নিজেকে ব্যস্ত করে ফেলেন। তাঁরা বেশি ক্ষণ অতীতে আটকে থাকতে পছন্দ করেন না।

বৃষ: এই রাশির জাতক-জাতিকারা বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে উঠতে সবচেয়ে বেশি সময় নেন। এই ক্ষতি সামলে ওঠার সময় তাঁরা প্রায়শই স্বস্তির আশ্রয় খুঁজতে শুরু করেন। মনের যন্ত্রণা ভোলার জন্য খাবার বা গানকেই বেশি করে আঁকড়ে ধরেন।

মিথুন: মিথুন রাশি মনের কষ্ট বেশি ক্ষণ চেপে রাখতে পারেন না। অন্যদের কাছে প্রকাশ করে ভার লাঘব করার চেষ্টা করেন। হৃদয়ভঙ্গের সময় তাঁরা সামাজিক অনুষ্ঠানে নিজেদের ব্যস্ত রেখে মনকে অন্য দিকে ঘুরিয়ে নিতে চান।

কর্কট : কর্কট রাশির জাতক-জাতিকারা হৃদয়ভঙ্গের যাতনা খুব গভীর ভাবে অনুভব করেন। তাঁরা নিজেদের শামুকের মতো গুটিয়ে নেন। বার বার পুরনো স্মৃতি রোমন্থন করেন। স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগে কর্কট রাশির ব্যক্তিদের।

সিংহ: এই রাশির জাতক-জাতিকাদের বাইরে থেকে দেখলে এঁদের মনের ভিতরের ঝড় অনুভব করা যায় না। তবে হৃদয় ভাঙার পর তাঁদের মানসিক সমর্থনের প্রয়োজন হয়। অন্যদের কাছ থেকে সহানুভূতি ও আশ্বাস পেলে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা ফিরে পান এঁরা।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা বিচ্ছেদের যন্ত্রণা থেকে সেরে উঠতে সময় নেন। সম্পর্কে আঘাত পাওয়ার কারণ, কী ভুল হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করেন। অন্য যে কোনও রাশির চেয়ে বিচ্ছেদ নিয়ে বেশি চিন্তা করেন কন্যা রাশির জাতক-জাতিকারা।

তুলা: তুলা রাশি হঠাৎ সম্পর্কচ্ছেদ হলে ভীষণ কষ্ট পান। তুলা রাশির জাতক-জাতিকারাও হঠাৎ বিচ্ছেদ সামলে উঠতে হিমশিম খান। বিচ্ছেদের চূড়ান্ত নিষ্পত্তি চান। সম্পর্কের ভারসাম্যহীনতা বা অমীমাংসিত সমাপ্তি মেনে নিতে তাঁদের কষ্ট হয়।

বৃশ্চিক : হৃদয়ভঙ্গের পর বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা পরবর্তী ক্ষেত্রে আরও সতর্ক হয়ে ওঠেন। তাঁরাও কর্কটের মতো নিজেদের গুটিয়ে নেয় এবং গভীর ভাবে আত্মবিশ্লেষণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে এঁরা আরও শক্তিশালী এবং আত্মসচেতন হয়ে ওঠেন।

ধনু: মনে আঘাত পেলে ধনু রাশির জাতক-জাতিকারা সেটিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের ভুলিয়ে রাখতে চান। ভ্রমণ, নতুন দক্ষতা অর্জন বা হঠাৎ করে দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়েন তাঁরা।

মকর : মকর রাশির জাতক-জাতিকারা হৃদয়ভঙ্গের কষ্ট নীরবে সামলে নেন। তাঁরা কাজ এবং দায়িত্বের উপর গভীর ভাবে মনোনিবেশ করেন এবং আবেগ প্রকাশ করার পরিবর্তে শৃঙ্খলার মধ্যে নিজেদের বেঁধে ফেলেন। ফলে দ্রুত আত্মনিয়ন্ত্রণ করতে পারেন তাঁরা।

কুম্ভ: হৃদয়ভঙ্গের সময় কুম্ভ রাশি আবেগের থেকে দূরে থাকতে পছন্দ করে। মনে মনে নিজের সঙ্গে বোঝাপড়া সেরে নেন কুম্ভের জাতক-জাতিকারা। ব্যক্তিগত যন্ত্রণা থেকে নিজেদের মনকে অন্য দিকে সরাতে তাঁরা সামাজিক কাজকর্ম বা সমাজসেবামূলক কাজে মনোনিবেশ করতে চান।

মীন: মীন রাশির জাতক-জাতিকারা কল্পনার জগতে বা কোনও সৃজনশীল কাজে নিজেদের ডুবিয়ে দেন। বিচ্ছেদের ধাক্কা সামলে উঠতে তাঁদের কষ্ট হলেও সেই কাজকর্ম মন ভাঙার ক্ষতে প্রলেপ দিতে পারে।

Advertisement
আরও পড়ুন