Chaturgrahi Yog in Pisces 2026

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে মীনে সৃষ্টি হবে ভয়াল চতুঃগ্রহীযোগ, চার রাশির কপালে ঘনাচ্ছে অশনির কালো ছায়া

এপ্রিলের ১১ তারিখ মীন রাশিতে প্রবেশ করবে বুধ। এর ফলে তৈরি হবে এক বিরল চতুঃগ্রহীযোগ।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৭:৪৮
astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শাস্ত্রমতে, চলতি সময়ে গ্রহদের অবস্থান বিশেষ ভাল বলা যাচ্ছে না। প্রায় সমস্ত গ্রহই কোনও না কোনও অশুভ গ্রহের ছায়ায় রয়েছে। কিংবা সরাসরি সেই গ্রহের সঙ্গে একই রাশিতে অবস্থান করছে। শনি বর্তমানে রয়েছে মীন রাশিতে। সেই রাশিতে শনির সঙ্গে একত্রে অবস্থান করছে সূর্য এবং মঙ্গল। এপ্রিলের ১১ তারিখ মীন রাশিতে প্রবেশ করবে বুধ। এর ফলে তৈরি হবে এক বিরল চতুঃগ্রহীযোগ। জ্যোতিষশাস্ত্রে যেমন নানা ভাল যোগের কথা বলা রয়েছে, তেমনই রয়েছে নানা খারাপ যোগ। শনির সঙ্গে তিন শুভ গ্রহের একত্রে অবস্থান কোনও ভাল লক্ষণ নয়। শাস্ত্রমতে, অশুভ গ্রহের ছায়ায় থাকলে বা সেই গ্রহের সঙ্গে নির্দিষ্ট কিছু ঘর ভাগ করলে শুভ গ্রহের ফলদানের ক্ষমতা বিলুপ্ত হয়। মীন রাশিতে সৃষ্টি হওয়া এই চতুঃগ্রহীযোগ খারাপ সময় বয়ে আনছে চার রাশির জন্য। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

মেষ: মীনের মতো শোচনীয় না হলেও, মেষ জাতক-জাতিকারাও বর্তমানে সাড়েসাতির কবলে রয়েছেন। তার উপর মীনে সৃষ্টি হওয়া এই চতুঃগ্রহীযোগ মেষ জাতক-জাতিকাদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলবে। যে কোনও কথা ভেবেচিন্তে বলুন। অযথা ঝামেলায় জড়াবেন না। বড় কোনও খাতে বিনিয়োগ করা এড়িয়ে চলুন। লাভের বদলে লোকসান হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে চাপ থাকবে।

কন্যা: মীনে সৃষ্টি হওয়া চতুঃগ্রহীযোগ খারাপ সময় বয়ে আনবে কন্যা জাতক-জাতিকাদের জীবনে। এর মারাত্মক প্রভাব দেখা যাবে দাম্পত্যজীবনে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-অশান্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যাঁরা অংশীদারি ব্যবসা করেন, তাঁরাও সতর্ক থাকুন। কেউ ঠকানোর চেষ্টা করতে পারেন। এই সময় কন্যা জাতক-জাতিকাদের নতুন কোনও কাজ শুরু না করাই ভাল হবে বলে মনে করা হচ্ছে।

তুলা: তুলা জাতক-জাতিকাদের শরীর-স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সচেতনতা অবলম্বন জরুরি। অন্যথায় দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তুলা জাতক-জাতিকাদের হঠাৎ কোনও প্রতিকূলতার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। প্রচুর পরিশ্রম করতে হবে। এর ফলে অশান্তিতে ভোগার আশঙ্কা।

মীন: মীনেই সৃষ্টি হচ্ছে চার গ্রহের যোগ। সেই কারণে মীন জাতক-জাতিকাদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। পেশাক্ষেত্রে নানা দিক থেকে চাপ বৃদ্ধি পাবে। যে কোনও কাজ সতর্কতার সঙ্গে করা জরুরি। ছোট ভুলও আপনাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এই সময়কাল শুভ হবে না। ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করুন।

Advertisement
আরও পড়ুন