Vastu Tips

নতুন বাড়িতে ইঁদুরের উৎপাত? সঙ্গ দিচ্ছে ছুঁচোও? নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, খোঁজ দিলেন জ্যোতিষী

সদ্যনির্মিত নতুন বাড়িতে ইঁদুরের উৎপাত বহন করে আনে বিশেষ অর্থ। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। কেবল ইঁদুর নয়, বাড়িতে ছুঁচো থাকারও বিশেষ অর্থ রয়েছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৮:০২
rat

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বহু সময়ই গৃহস্থ বাড়িতে নানা পশু-পাখির উৎপাত দেখা যায়। সেগুলির মধ্যে একটি হল ইঁদুর বা ছুঁচোর অবাধ বিচরণ। বহু দিনের পুরনো বাড়িতে ইঁদুর থাকাটা কোনও অস্বাভাবিক বিষয় নয়। বরং সে বাড়িতে তাদের বসবাস হওয়াই স্বাভাবিক। তবে সদ্যনির্মিত নতুন বাড়িতে ইঁদুরের উৎপাত বহন করে আনে বিশেষ অর্থ। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। কেবল ইঁদুর নয়, বাড়িতে ছুঁচো থাকারও বিশেষ অর্থ রয়েছে। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

বাড়িতে ইঁদুর থাকার অর্থ কী?

বাড়িতে একটা-দুটো ইঁদুরের দেখা পাওয়া অস্বাভাবিক কোনও বিষয় নয়। সেটা প্রায় সব বাড়িতেই দেখা যায়। তবে ইঁদুরের পরিমাণ যদি মাত্রাতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় তা হলে সেই বিষয়ে চিন্তাভাবনা করা জরুরি। শাস্ত্র জানাচ্ছে, বাড়িতে হঠাৎ করে ইঁদুরের উৎপাত বৃদ্ধি পাওয়া অর্থহানির আশঙ্কা বোঝায়। বাড়িতে নেতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পেলে ইঁদুরের উৎপাত বাড়ে। সে ক্ষেত্রে বাস্তুর পরিবেশ শোধন করা উচিত। এর ফলে মানসিক চাপ বৃদ্ধি পায়। টাকাপয়সার টানাটানি দেখতে পাওয়া যায়। তাই তেমনটা হলে সতর্ক হওয়া বাঞ্ছনীয়।

বাড়িতে ছুঁচো থাকার অর্থ কী?

বাড়িতে ইঁদুরের উৎপাত অশুভ মনে করা হলেও, ছুঁচোর আনাগোনা শুভ বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। ছুঁচো সাধারণত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকতে ভালবাসে। বাড়িতে ছুঁচোর উৎপাত বৃদ্ধি পাওয়া মানে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়েছেন বলে মনে করা হয়। এর মানে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটছে।

তবে ছুঁচো বা ইঁদুর যা-ই হোক, উভয়েই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই কোনওটির বাড়বাড়ন্তই আমাদের শরীরের জন্য ভাল নয়। সে বিষয়টি মাথায় রাখা জরুরি।

Advertisement
আরও পড়ুন