Maoists Surrender

১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন ছত্তীসগঢ়ের বস্তারে! মাথার মিলিত দাম ছিল ৩ কোটি ৬১ লক্ষ, উদ্ধার এক কেজি সোনা

পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ছ’জন ডিভিশনাল কমিটির সদস্য রয়েছেন। তাঁদের এক এক জনের মাথার দাম ৮ লক্ষ টাকা। আত্মসমর্পণকারীরা দণ্ডকারণ্য স্পেশ্যাল জ়োনাল কমিটির সদস্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৬:৫০
আত্মসমর্পণকারী মাওবাদী সদস্যেরা। ছবি: সংগৃহীত।

আত্মসমর্পণকারী মাওবাদী সদস্যেরা। ছবি: সংগৃহীত।

ছত্তীসগঢ়ের বস্তারে একসঙ্গে আত্মসমর্পণ করলেন ১০৮ জন মাওবাদী। বুধবার জেলা পুলিশ-প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন তাঁরা। আত্মসমর্পণকারী মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তা-ই নয়, এক কেজি সোনাও উদ্ধার হয়েছে। যার বাজারদর ১ কোটি ৬৪ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের মিলিত মাথার দাম ৩ কোটি ৬১ লক্ষ টাকা।

Advertisement

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সেই সময়সীমা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। তার মধ্যেই বুধবার বস্তারে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। গত কয়েক মাসে কয়েকশো মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে অনেক শীর্ষ নেতাও ছিলেন। শুধু তা-ই নয়, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মাওবাদীর মৃত্যুও হয়েছে। এখনও মাওবাদীদমন অভিযান চলেছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়ের মতো রাজ্যগুলিতে। তার মধ্যেই নতুন করে বুধবার আরও মাওবাদী আত্মসমর্পণ করলেন বস্তারে।

পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ছ’জন ডিভিশনাল কমিটির সদস্য রয়েছেন। তাঁদের এক এক জনের মাথার দাম ৮ লক্ষ টাকা। আত্মসমর্পণকারী মাওবাদীরা দণ্ডকারণ্য স্পেশ্যাল জ়োনাল কমিটির সদস্য। তাঁরা মূলত জগদলপুরে সক্রিয় ছিলেন। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের কাছ থেকে ১০১টি অস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে একে ৪৭, ইনসাস, এসএলআর, লাইট মেশিনগান, ব্যারেল গ্রেনেড লঞ্চারের মতো অস্ত্র।

Advertisement
আরও পড়ুন