সঞ্জয় সিংহ। — ফাইল চিত্র।
রাজ্যসভার পরে এ বার পঞ্জাবের আম আদমি পার্টির (আপ) বিধায়কদের দলে টেনে সে রাজ্যের সরকারকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও আপ নেতা সঞ্জয় সিংহ জানিয়েছেন, পঞ্জাবে দল একজোট রয়েছে। এ দিকে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় আপের রাজ্যসভা সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে পঞ্জাব সরকার।
শুক্রবার আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন সাত সাংসদ। তার পরেই অস্থিরতা তৈরি হয় দলের মধ্যে। অভিযোগ ওঠে পঞ্জাবের অন্তত ২৮ জন আপ বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন দলত্যাগী সাংসদ রাঘব চাড্ডা। আগামী বছর পঞ্জাবে নির্বাচন। তার আগেই রাঘব চাড্ডার মাধ্যমে সরকার ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। যদিও আজ আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ দাবি করেছেন,পঞ্জাবে সরকারের কোনও সমস্যা নেই। কোনও আপ বিধায়ক রাঘব চাড্ডা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন না। উল্টে ওই দলত্যাগীদের বিরুদ্ধে গোটা রাজ্যের আপ-নেতা কর্মীরা ক্ষুব্ধ। আসলে দলের মধ্যে বিভ্রান্তি ছড়াতে রাঘব চাড্ডারাই ওই গুজব ছড়াচ্ছেন।
ওই দলত্যাগী সাংসদদের সাংসদ পদ বাতিলের দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে ইতিমধ্যেই দাবি জানিয়েছেন আপ নেতৃত্ব। যদিও দলত্যাগী সাংসদদের দাবি, রাজ্যসভায় দলের মোট সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি সাংসদ একসঙ্গে দল পরিবর্তন করায় দলত্যাগ-বিরোধী আইন তাঁদের উপরে প্রযোজ্য হবে না।