আপ নেত্রী অতিশী। — ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার ঠিক আগে দিল্লিতে ভোট পরবর্তী প্রতিশ্রুতি পালনে বিজেপি কী ভাবে ব্যর্থ হয়েছে তা নিয়ে সরব হলেন আম আদমি পার্টি(আপ)-র নেতৃত্ব। দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী তথা আপ নেত্রী অতিশীর প্রশ্ন, ভোটের আগে দিল্লির মহিলাদের মাসে যে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই টাকা কবে থেকে দেওয়া হবে? রাজনীতিকদের মতে, এ নিয়ে প্রশ্ন তুলে ভোটের ঠিক আগে তৃণমূলকেই পরোক্ষ সাহায্য করল আপ।
গত বছর দিল্লির ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছিল রাজনৈতিক দলগুলি। সে সময়ে প্রচারে বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন, ক্ষমতায় এলে দিল্লির মহিলাদের আড়াই হাজার টাকা করে মাসিক নগদ সাহায্য করা হবে। অতিশীর দাবি, ওই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী। তিনি সে সময়ে বলেছিলেন, মোদী গ্যারান্টি দিচ্ছে, সব মহিলাই টাকা পাবেন। সেই গ্যারান্টির কি হল, কেন তা এখনও পালন করা হল না—তা নিয়ে আজ প্রশ্ন তুলেছেন অতিশী। তাঁর দাবি, ‘‘নির্বাচনের পরে এক বছর কেটে গেলেও, মহিলারা এক পয়সাও পাননি।’’
সম্প্রতি ভোট প্রচারে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। আপের অভিযোগ, পশ্চিমবঙ্গে প্রচারে গিয়ে রেখা আশ্বাস দিয়েছেন যে রাজ্যে বিজেপি সরকার এলে বাংলার মহিলারা আড়াই হাজার টাকা করে সাহায্য পাবেন। অতিশীর কটাক্ষ, ‘‘দিল্লিতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট পাওয়ার পরে এ বার পশ্চিমবঙ্গবাসীকে ভুল বোঝাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। দিল্লির মহিলারা জানতে চাইছেন তাঁদের প্রতি মাসে যে আড়াই হাজার টাকা পাওয়ার কথা সেই টাকা কোথায় গেল?’’ তৃণমূল নেতৃত্বের মতে, বিজেপি এলে তৃণমূল সরকারের চালানো জনকল্যাণমূলক প্রকল্পগুলি যে বন্ধ হয়ে যাবে, তা নিয়ে আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে আগের সরকারের একাধিক প্রকল্প বন্ধ হতে বসেছে। তৃণমূলের আশা, বাংলার মানুষ সেই বিষয়টি মাথায় রেখেই নিজেদের অধিকার প্রয়োগ করবেন।