Delhi Police

দিল্লিতে সংবাদ সংস্থার অফিস সিল, কর্মীদের মারের অভিযোগ

সংবাদ সংস্থার তরফে দাবি করা হয়েছে, কর্মীদের জোর করে দফতর থেকে সরানো হয়েছে। তাঁদের ব্যক্তিগত জিনিসপত্রও নিতে দেওয়া হয়নি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৯:৪১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সংবাদ সংস্থা ইউএনআইএ-র দিল্লির অফিসে হানা দিল দিল্লি পুলিশ। অফিসের ভিতরে থাকা সাংবাদিক ও সংবাদকর্মীদের ধাক্কাধাক্কি করা হয়েছে বলে দাবি সংবাদ সংস্থার। এই ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরে ‘নজিরবিহীন আক্রমণ’-এর তকমা দিয়েছে ইউএনআইএ এবং ওই সংস্থার পরিচালকদের নিয়ন্ত্রণাধীন সংবাদপত্র ‘দ্য স্টেটসম্যান’। অন্য দিকে দিল্লি পুলিশের দাবি, হাই কোর্টের রায়ের পরে ৯ নম্বর রফি মার্গের ওই ভবন এখন কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের নিয়ন্ত্রণে। তাদেরই নির্দেশ মেনে দিল্লি পুলিশ পদক্ষেপ করেছে।

ইউএনআই ও ‘দ্য স্টেটসম্যান’-এর তরফে জানানো হয়েছে, আজ ইউএনআইয়ের দফতরে কার্যত সন্ত্রাস-দমন অভিযানের কায়দায় হানা দেয় দিল্লি পুলিশ। মহিলা সাংবাদিক-সহ কর্মীদের ধাক্কাধাক্কি করে পুলিশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, দিল্লি পুলিশের এক মহিলাকর্মীর ধাক্কায় পড়ে যাচ্ছেন এক মহিলা সাংবাদিক। এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘‘কী করছেন ম্যাডাম? হাত-পা ভেঙে যাবে তো?’’

সংবাদ সংস্থার তরফে দাবি করা হয়েছে, কর্মীদের জোর করে দফতর থেকে সরানো হয়েছে। তাঁদের ব্যক্তিগত জিনিসপত্রও নিতে দেওয়া হয়নি। দিল্লি পুলিশের কয়েক জন কর্মী মত্ত অবস্থায় ওই অভিযানে যোগ দেন। প্রচণ্ড গালিগালাজ করেছেন দিল্লি পুলিশের কর্মীরা ও তাঁদের সঙ্গে থাকা দুই আইনজীবী। অভিযানের সময়ে কর্মীদের দফতরের ভিতরে আটকে মারধর করা হয়। অন্য দিকে সংস্থার পরিচালকদের অফিসে ঢুকতেদেওয়া হয়নি।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সচিন শর্মার অবশ্য দাবি, ইউএনআইএ-এর নামে ওই ভবন বরাদ্দ খারিজ করেছিল কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের অধীনস্থ জমি ও উন্নয়ন দফতর। সেই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে আবেদন করে ইউএনআই। কিন্তু হাই কোর্ট এ দিনের রায়ে কেন্দ্রের নির্দেশই বহাল রেখেছে। ফলে ওই ভবন এখন আবাসন মন্ত্রকের নিয়ন্ত্রণে। তাদের নির্দেশের ভিত্তিতেই ভবন সিল করা হয়েছে। অভিযানের সময়ে কোনও বেআইনি কাজ করা হয়নি। পুরো অভিযানের ভিডিয়োগ্রাফি করা হয়েছে।

আরও পড়ুন