Para Military Bill Controversy

সোমবার সংসদে আধাসেনা বিল পেশ করবেন শাহ, ৫০ শতাংশ আইজি পদে আইপিএস-সংরক্ষণ ঘিরে বিতর্ক

আধাসেনার নিজস্ব অফিসার ক্যাডার স্তরের অবসরপ্রাপ্ত আধিকারিকেরা বিল খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির কাছে পাঠানোর দাবি তুলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ২২:০৯
আধাসেনার ফৌজ।

আধাসেনার ফৌজ। ফাইল চিত্র।

সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীগুলির (সরকারি পরিভাষায় যারা ‘সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স’ বা সিএপিএফ) সংস্কারে বিল পেশ করবেন। সিএপিএফ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) শীর্ষক ওই বিলে কেন্দ্রীয় বাহিনীগুলিতে আইপিএস অফিসারদের জন্য আইজি স্তরের ৫০ শতাংশ পদ সংরক্ষণের প্রস্তাব রয়েছে, যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

সংসদের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী নতুন বিলে অফিসারদের নিয়োগ, ডেপুটেশন, পদোন্নতি এবং অন্যান্য পরিষেবার শর্তাবলী নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই নতুন আইন প্রনয়ণের এই উদ্যোগ। বর্তমানে কেন্দ্রীয় আধাসেনা-সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়। নতুন সংশোধনী বিলে সবক’টি বাহিনীকেই একই আইনি ছাতার তলায় আনা হবে। এডিজি (অতিরিক্ত ডিজি) স্তরের অন্তত ৬৭ শতাংশ পদ ডেপুটেশনের মাধ্যমে (আইপিএস অফিসারদের দ্বারা) পূরণ করার প্রস্তাব রয়েছে নতুন বিলে।

কিন্তু আধাসেনার নিজস্ব অফিসার ক্যাডার স্তরের অবসরপ্রাপ্ত আধিকারিকেরা বিল খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির কাছে পাঠানোর দাবি তুলেছেন। কারণ, আইপিএস অফিসারদের জন্য ৫০ শতাংশ পদ সংরক্ষণের প্রস্তাব। আধা সামরিক বাহিনীর নিজস্ব অফিসার ক্যাডার হিসাবে যাঁরা সরাসরি যোগ দেন, তাঁদের বহু দিনের ক্ষোভ হল যোগ্যতা সত্ত্বেও তাঁরা সেই বাহিনীর শীর্ষ পদে (ডিজি) পদে যেতে পারেন না। মূলত, আইপিএস অফিসারেরাই বাহিনীর নেতৃত্ব দিয়ে থাকেন। বাহিনীর অফিসারদের অতিরিক্ত ডিজি পদে থেকেই অবসর নিতে হয়।

সুপ্রিম কোর্ট গত বছর একটি রায়ে ওই নিয়ম পরিবর্তন করে বাহিনীর নিজস্ব ক্যাডারদের শীর্ষ পদে বসানোর প্রশ্নে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল এবং বাহিনীতে ধীরে ধীরে আইপিএসদের নিয়োগ কমিয়ে আনার পক্ষে মত প্রকাশ করেছিল। কিন্তু সিএপিএফ-এর নিজস্ব ক্যাডারদের যৌথ মঞ্চের অভিযোগ, সিএপিএফ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) বিলটিতে বাহিনীর শীর্ষ পদে নিয়োগ সম্পর্কে যা বলা আছে তা সুপ্রিম কোর্টের বক্তব্যে পরিপন্থী। কারণ, সেখানে ডিজি পদ ডেপুটেশনের মাধ্যমে (আইপিএস অফিসারদের দ্বারা) পূরণ করার প্রস্তাব রয়েছে। সুপ্রিম কোর্টের অক্টোবরের আদেশ কার্যকর না করার অভিযোগে স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে মাস কয়েক আগে। তারই জেরে তড়িঘড়ি এই বিল বলে মনে করছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন