—প্রতিনিধিত্বমূলক চিত্র।
লোকসভার পরে আজ রাজ্যসভাতেও পাশ হল অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন (সংশোধনী) বিলটি। রাষ্ট্রপতি এই বিলে সই করার পরেই অমরাবতী অন্ধ্রের রাজধানীতে পরিণত হবে।
এই বিল নিয়ে আলোচনায় কংগ্রেসের রেণুকা চৌধুরি বলেন, “বারো বছর ধরে বিষয়টি যে ঝুলে ছিল, এটা রাজ্য সরকার ও কেন্দ্রের ব্যর্থতা।” অন্ধ্রের শাসক দল টিডিপি-র বিরোধী ওয়াইএসআরসিপি-র সাংসদ ওয়াই বি সুব্বারেড্ডি বিলের বিরোধিতা করে বলেন, কৃষকদের জমি নেওয়া হয়েছে। তাঁদের সমস্যার ঠিকমতো সমাধান করা হয়নি।
পাশাপাশি, তৃণমূলের রাজ্যসভার মুখ্য আহ্বায়ক নাদিমুল হক বিঁধেছেন শাসক দল বিজেপিকে। তাঁর কথায়, “এই দল (বিজেপি) ‘ইউজ় অ্যান্ড থ্রো’ (ব্যবহার করার পরে ছুড়ে ফেলা) পদ্ধতিতে অন্য দলকে কাজে লাগায়। আমি টিডিপি-কে সতর্ক করে দিতে চাইছি। নীতীশ কুমার, একনাথ শিন্দের সঙ্গে যা হয়েছে, তা যেন চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে না হয়! বরং তাঁরা বিজেপি-বিরোধী শিবিরে চলে আসুন। ছাব্বিশে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এবং সাতাশে উত্তরপ্রদেশে অখিলেশ সিংহ যাদবের জয়ের পরে আমরা চাইব টিডিপি-ও আমাদের শিবিরেযোগ দেবে।”