LPG ATM

এলিপিজি এটিএম চালু হল হরিয়ানার গুরুগ্রামে! লাইনের ঝঞ্ঝাট নেই, টাকা দিন আর নিয়ে আসুন সিলিন্ডার

স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে গ্যাস বুক করার পর অপেক্ষা করতে হত কবে আসবে। কিন্তু এই এটিএম তৈরি হওয়ায় সেই অপেক্ষা করতে হচ্ছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১২:৩৬
এই সেই এলপিজি এটিএম। ছবি: সংগৃহীত।

এই সেই এলপিজি এটিএম। ছবি: সংগৃহীত।

দেশ জুড়ে যখন এলিপিজি-র চাহিদা বাড়ছে, বিশেষ করে পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের জেরে যখন গ্যাস নিয়ে আমজনতার মনে উদ্বেগ বাড়ছে, সেই সময় এক অভিনব ব্যবস্থা নিয়ে এল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। কোনও ঝঞ্ঝাট ছাড়াই যাতে সহজে গ্যাস পেতে পারেন মানুষ, তাই এলিপিজি এটিএম চালু করল তারা। হরিয়ানার গুরুগ্রামে এই এটিএম চালু করা হয়েছে।

Advertisement

সংস্থা সূত্রের খবর, কয়েক মিনিটের মধ্যেই গ্যাসভর্তি সিলিন্ডার মিলবে ওই এটিএম থেকে। ব্যাঙ্কের এটিএম থেকে যেমন টাকা তোলা হয়, এই এটিএম অনেকটা সে রকমই। গ্যাসের সরবরাহ মসৃণ রাখতেই এই কৌশল বলে সূত্রের খবর। গুরুগ্রামের সোহনা এলাকায় সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালির সেক্টর ৩৩-এ পাইলট প্রজেক্ট হিসাবে এই এটিএম বসানো হয়েছে। ২৪ ঘণ্টা এই এটিএম খোলা থাকবে। দুই থেকে তিন মিনিটের মধ্যে ভর্তি সিলিন্ডার পাওয়া যাবে বলে দাবি।

এই প্রকল্পটি পুরোটাই ডিজিটাল। কী ভাবে কাজ করবে এই এটিএম? সংস্থা সূত্রে খবর, গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। সেই নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপির মাধ্যমে গ্রাহকের তথ্য যাচাই হবে। তার পর গ্রাহককে খালি সিলিন্ডার এটিএমে ঢোকাতে হবে। অনলাইনে টাকা মিটিয়ে দিতেই ভর্তি একটি সিলিন্ডার মেশিন থেকে বেরিয়ে আসবে। তবে এই সিলিন্ডারগুলিতে ১৪ কেজির জায়গায় ১০ কেজি গ্যাস থাকবে। সিলিন্ডারগুলি ধাতব হবে না। সেগুলি ফাইবারের তৈরি। ওজনও অনেক হালকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে গ্যাস বুক করার পর অপেক্ষা করতে হত কবে আসবে। কিন্তু এই এটিএম তৈরি হওয়ায় সেই অপেক্ষা করতে হচ্ছে না। দিন হোক বা রাত, এটিএম থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন