India-China

আগামী সপ্তাহে দিল্লিতে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৭:২৮
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। — ফাইল চিত্র।

ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধিদের বৈঠকে যোগ দিতে আগামী ২২ ও ২৩ জুন ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।

আজ এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন, ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত শু ফেইহং। তিনি শুধু বিদেশমন্ত্রীই নন, চিনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যও বটে। ওয়াং ই প্রায় এক বছর পর ভারতে আসছেন। গত অগস্টে এসে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকটি যখন হচ্ছে তার কয়েকদিন আগেই ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর সাময়িক ভাবে হাঁফ ছেড়েছে পশ্চিম এশিয়া এবং গোটা বিশ্ব। উল্লেখ্য, ইরান এবং রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টারাওথাকবেন বৈঠকে।

প্রসঙ্গত, চলতি বছর ভারত ব্রিকসের পর্যায়ক্রমিক সভাপতিত্ব করছে। সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ব্রাজ়িল, চিন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি। সেপ্টেম্বরে ব্রিকস শীর্ষ সম্মেলনে দিল্লি আসার কথা চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনদের। তার ভিত তৈরি করার কাজ চলছে।

আরও পড়ুন