Budget 2026 impact on cigarettes

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ! প্যাকেট প্রতি সিগারেটের দাম বাড়ছে সর্বোচ্চ ৫৫ টাকা! একটি কিনতে ‘বাড়তি’ কত খসবে?

আগেই জানা গিয়েছিল সিগারেটের আকার এবং প্রকারভেদের উপর নির্ভর করবে অতিরিক্ত শুল্কের পরিমাণ। রবিবার বাজেট ঘোষণার পরে অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হওয়ার পর ১০টি সিগারেট-সমেত প্যাকেটের দাম সর্বনিম্ন ২২ থেকে ২৫ টাকা বাড়বে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৪

—প্রতীকী চিত্র।

ফেব্রুয়ারি মাসের পর সিগারেটের দাম ঠিক কত হতে পারে, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ধুম আলোচনা হয়েছে। নানা ধূমপায়ীর নানা মত। চলেছে নানা হিসাব। আগেই জানা গিয়েছিল সিগারেটের আকার এবং প্রকারভেদের উপর নির্ভর করবে অতিরিক্ত শুল্কের পরিমাণ। রবিবার বাজেট ঘোষণার পরে অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হওয়ার পর ১০টি সিগারেট-সমেত প্যাকেটের দাম সর্বনিম্ন ২২ থেকে ২৫ টাকা বাড়বে। বড় সিগারেটের ক্ষেত্রে প্যাকেট প্রতি দাম বাড়তে পারে প্রায় ৫৫ টাকা।

Advertisement

ডিস্ট্রিবিউটররা জানাচ্ছেন, ব্র্যান্ডের উপর নির্ভর করছে সিগারেটের দাম। তার পরে রয়েছে দৈর্ঘ্য। যেমন ৭৬ মিলিমিটার দৈর্ঘ্যের প্রিমিয়াম সিগারেটের প্যাকেটের (যেগুলোয় ১০টি সিগারেট থাকে) দাম বাড়তে পারে ৫০ থেকে ৫৫ টাকা।

এখনও কোনও সিগারেট প্রস্তুতকারক সংস্থা সংশোধিত এমআরপি ঘোষণা করেনি। তবে ডিস্ট্রিবিউটরদের তরফে খুচরা বাজারে ৪০ শতাংশ জিএসটি হারে পুরানো স্টক থেকেই সিগারেট চলছে। তারা জানাচ্ছে, সোমবার থেকেই বাজারে নতুন প্যাকেট চলে আসতে পারে।

আপাতত যে টুকু জানা যাচ্ছে, তাতে, উইলস নেভি কাট (৭৬ মিলিমিটার লম্বা)-এর মতো মাঝারি আকারের সিগারেটের প্যাকেট যা আগে দাম ৯৫ টাকায় বিক্রি হত, এ বার থেকে তার দাম হবে ১২০ টাকা। ৮৪ মিলিমিটার দৈর্ঘ্যের সিগারেট (যেমন, গোল্ড ফ্লেক লাইটস্, উইলস্ ক্লাসিক, উইলস্ ক্লাসিক মাইল্ডস্ ইত্যাদি) যার প্রতি প্যাকেট ১৭০ টাকা পড়ত, সেগুলির দাম প্রতি প্যাকেট ২২০ থেকে ২২৫ টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। একই ভাবে, ক্লাসিক কানেক্ট সিগারেটের মতো পাতলা সিগারেট (দৈর্ঘ্যে ৯৭ মিলিমিটার), যার দাম ৩০০ টাকা (প্যাকেটে থাকে ২০টি) ছিল, সেগুলো এ বার ৩৫০ টাকা পর্যন্ত হতে পারে।

ডিস্ট্রিবিউটরেরা আশা করছেন, এ মাসের শেষের দিকে প্রস্তুতকারকদের কাছ থেকে নতুন এমআরপি-সহ নতুন প্যাকেট বাজারে চলে আসবে। তবে কিছু কোম্পানি ইতিমধ্যেই তাদের স্টক আটকে রেখেছে বলে জানা যাচ্ছে। অল ইন্ডিয়া কনজ়িউমার প্রোডাক্টস্ ডিস্ট্রিবিউটরস্ ফেডারেশন (এআইসিপিডিএফ), যা ভারত জুড়ে ৪.৫ লক্ষেরও বেশি পরিবেশক এবং ১.৩ কোটিরও বেশি খুচরো বিক্রয়কেন্দ্রের প্রতিনিধিত্ব করে বলে দাবি করে, তারা সতর্ক করে দিয়েছে, ইতিমধ্যে সিগারেটের কালোবাজারি শুরু হয়েছে। নতুন কর কাঠামোয় ফিল্টারবিহীন ছোট সিগারেটের (৬৫ মিলিমিটার পর্যন্ত) প্রতি স্টিকের উপর প্রায় ২.০৫ টাকা অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে, যেখানে একই দৈর্ঘ্যের ছোট ফিল্টার সিগারেটের প্রতি সিগারেটের উপর প্রায় ২.১০ টাকা শুল্ক আরোপ করা হবে। একটি মাঝারি দৈর্ঘ্যের সিগারেট (৬৫-৭০ মিমি) কিনতে দিতে হতে প্রায় ৩.৬০-৪ টাকা এবং প্রিমিয়াম সিগারেটের (৭০-৭৫ মিলিমিটার) প্রতি স্টিকের জন্য প্রায় ৫.৪০ টাকা অতিরিক্ত শুল্ক দিতে হবে।

Advertisement
আরও পড়ুন