Cooking Gas

রফতানিতেই জোর গ্যাস সংস্থার, দাবি ডিলারদের

হাই কোর্টে ছ’জন এলপিজি ডিলারের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে এলপিজি-র সরবরাহ প্রবল ভাবে ব্যাহত হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:২৮

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে দেশে এলপিজি সিলিন্ডারের সঙ্কট দেখা দিয়েছে। এ নিয়ে নির্দিষ্ট নির্দেশও জারি করেছে কেন্দ্র। কিন্তু গ্যাস স‌ংস্থা কনফিডেন্স পেট্রোলিয়াম এখনও রফতানিকেই অগ্রাধিকার দিচ্ছে বলে বম্বে হাই কোর্টে অভিযোগ করলেন মহারাষ্ট্রের ছ’জন এলপিজি ডিলার। হাই কোর্টের নাগপুর বেঞ্চ বিষয়টিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ অ্যাখ্যা দিয়ে কেন্দ্র ও কনফিডেন্স পেট্রোলিয়ামকে নোটিস পাঠিয়েছে।

হাই কোর্টে ছ’জন এলপিজি ডিলারের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে এলপিজি-র সরবরাহ প্রবল ভাবে ব্যাহত হয়েছে। প্রচণ্ড সমস্যায় পড়েছেন ক্রেতারা। ডিলারেরা জানিয়েছেন, কনফিডেন্সের কাছ থেকে তাঁরা প্রয়োজনীয় এলপিজি-র ১০ শতাংশ কেনেন। কিন্তু এখন তাঁরা বাড়ি, হোটেল, ছোট শিল্প— কোনও ক্ষেত্রের চাহিদাই মেটাতে পারছেন না। কিন্তু কনফিডেন্স এখনও রফতানিকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে ভারতীয় উপভোক্তারা বিপাকে পড়ছেন।

আর্জিতে সাম্প্রতিক সঙ্কটের প্রেক্ষিতে জারি করা কেন্দ্রের দু’টি নির্দেশের কথাও উল্লেখ করেছেন ডিলারেরা। এ নিয়ে কনফিডেন্সকে চিঠিও পাঠিয়েছিলেন তাঁরা। কনফিডেন্সের তরফে জানানো হয়েছে, তারা অভ্যন্তরীণ সরবরাহের জন্য বরাদ্দ এলপিজি রফতানি খাতে সরায়নি। কিন্তু তারা আন্তর্জাতিক বাজারে সরবরাহের জন্য চুক্তিবদ্ধ। সেই চুক্তিকে উপেক্ষা করে এখন দেশীয় বাজারকে অগ্রাধিকার দেওয়া কঠিন।

আরও পড়ুন