Congress Urgent Meeting

মমতা না মীনাক্ষী! জরুরি কথা কী নিয়ে? প্রদেশ কংগ্রেসের সভাপতিদের আচমকা দিল্লি তলবের কারণ ঘিরে তুঙ্গে জল্পনা

মঙ্গলবার সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে মমতার। বুধবার দুপুরে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রায় দেড় ঘণ্টা দু’জনের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ২০:১৫
(বাঁ দিক থেকে) মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী এবং মীনাক্ষী নটরাজন।

(বাঁ দিক থেকে) মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী এবং মীনাক্ষী নটরাজন। —ফাইল চিত্র।

তৃণমূলের অন্দরে ডামাডোলের মাঝে এ বার জরুরি বৈঠক ডাকল কংগ্রেস হাইকমান্ড। বৃহস্পতিবার কংগ্রেসে সব সাধারণ সম্পাদক এবং প্রদেশ সভাপতিদের ডাকা হয়েছে বৈঠকে। দিল্লিতে ইন্দিরা ভবনে ওই বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

Advertisement

কোন বিষয়ে আলোচনার জন্য এই জরুরি বৈঠক ডাকা হয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে। তবে নির্দিষ্ট ভাবে কোনও বিষয়ের কথা খোলসা করেননি তিনি। ঘটনাচক্রে, এমন একটি সময়ে এই বৈঠক ডাকা হয়েছে, যখন তৃণমূলের অন্দরে অভূতপূর্ব রাজনৈতিক ডামাডোল চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থেকে ছিটকে গিয়েছে রাজ্য বিধানসভার পরিষদীয় দল এবং লোকসভার সংসদীয় দল। রাজ্যসভাতেও তৃণমূলের দু’জন সাংসদ পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে মমতার। বুধবার দুপুরে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রায় দেড় ঘণ্টা দু’জনের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। পিটিআই সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। কী ভাবে, মতপার্থক্য দূরে সরিয়ে বিজেপি বিরোধিতার প্রশ্নে দলগুলি এককাট্টা হতে পারে, তা নিয়েও আলোচনা হয়। তবে তৃণমূল সূত্রে খবর, বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথাবার্তা বলেছেন রাহুল এবং অভিষেক। এমন এক পরিস্থিতির মাঝে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডাকল কংগ্রেস।

উল্লেখ্য, মমতা এবং সনিয়ার ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভাল। ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৃণমূল গড়ার পরও সনিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কে দৃশ্যত কোনও চিড় ধরেনি। তবে সাম্প্রতিক ঘটনাপরম্পরার প্রেক্ষিতে সনিয়া, রাহুলদের সঙ্গে মমতা, অভিষেকদের পর পর দু’দিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গান্ধী পরিবারের সঙ্গে মমতাদের সম্পর্কে ‘নতুন সমীকরণ’ নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। এমন এক পরিস্থিতিতে কংগ্রেস হাইকমান্ডের এই বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

ঘটনাচক্রে, রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল হওয়াকে কেন্দ্র করেও বিতর্ক দানা বেঁধেছে। মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস রাজ্যসভায় প্রার্থী করে মীনাক্ষীকে। কিন্তু হলফনামায় ফৌজদারি মামলা গোপনের অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। রিটার্নিং অফিসার যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ অসত্য বলে দাবি কংগ্রেসের। বৃহস্পতিবারের জরুরি বৈঠকে মীনাক্ষীর মনোনয়ন বাতিল নিয়ে কোনও আলোচনা হয় কি না, তা নিয়েও কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে। পাশাপাশি, গত সোমবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে নিট-বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনাবলির মাঝেই প্রদেশ নেতৃত্বদের নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছে কংগ্রেস হাইকমান্ড।

Advertisement
আরও পড়ুন