Opposition Alliance INDIA

অবস্থান খোলসা করুন! বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকের আগে কংগ্রেসের খড়্গেকে পত্র-খোঁচা সিপিএমের বেবির

পাঁচ রাজ্যে নির্বাচনের পর সোমবার প্রথম বৈঠকে বসছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তার আগে ক্রমশ প্রকট হচ্ছে বিরোধী শিবিরের অন্দরের দ্বন্দ্ব। ডিএমকে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, তারা বৈঠক বয়কট করছে। কংগ্রেসের উপর অসন্তোষ রয়েছে জেএমএম-এরও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০০:৪৬
(বাঁ দিকে) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবি (ডান দিকে)।

(বাঁ দিকে) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবি (ডান দিকে)।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান বুঝে নিতে চায় সিপিএম। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে চিঠি পাঠিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবি। কেরলের বিধানসভা নির্বাচনের সময়ে সিপিএম-বিজেপি ‘সমঝোতার’ তত্ত্ব তুলে ধরেছিল কংগ্রেস। এ বিষয়ে কংগ্রেসের অবস্থান জানতে চেয়েছেন বেবি।

Advertisement

খড়্গেকে পাঠানো চিঠিতে সিপিএম সাধারণ সম্পাদক লিখেছেন, ভোটের প্রচারের সময়ে কংগ্রেস নেতাদের একাংশ পরিকল্পিত ভাবে প্রচার করেছেন যে সিপিএম এবং বিজেপির মধ্যে ‘সমঝোতা’ রয়েছে। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আঁতাঁত’ রয়েছে, এমন কথাও ওই সময়ে কংগ্রেস নেতৃত্বের মুখে বার বার শোনা গিয়েছে। এমনকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেন তাঁকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতাদের একাংশ। এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে চিঠিতে। পরবর্তী সময়ে, ভোট মেটার পরে বিজয়নের বাড়িতে ইডির হানার দিন কেরল কংগ্রেসের ভূমিকা এবং সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, কেরলে সিপিএম এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে দু’দলের সম্পর্ক দৃশ্যত অনেকটা মসৃণ (যদিও এ বারের নির্বাচনে আলাদা ভাবে লড়েছে বাম এবং কংগ্রেস)। তবে সিপিএম সূত্রে খবর, বেবির এই চিঠি নিয়ে অস্বস্তিতে রয়েছে পশ্চিমবঙ্গের সিপিএম। কারণ, পশ্চিমবঙ্গে তৃণমূলের বিভিন্ন নেতার বাড়িতে অতীতে কেন্দ্রীয় সংস্থার হানার সময়ে রাজ্যে বামেদের অবস্থান ছিল প্রায় একই রকম। এ রাজ্যে বামেরাও বিজেপি এবং ‘ইন্ডিয়া’র শরিক তৃণমূলের মধ্যে আঁতাঁতের অভিযোগ তুলে আসছে দীর্ঘ দিন ধরেই। এমতাবস্থায় খড়্গেকে লেখা চিঠিতে সিপিএমের সাধারণ সম্পাদক যে পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, তা পশ্চিমবঙ্গে সিপিএমের জন্য কিছুটা অস্বস্তিদায়ক বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, পাঁচ রাজ্যে নির্বাচন-পরবর্তী সময়ে এই প্রথম বৈঠকে বসছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। কিন্তু সেই বৈঠকের আগে বিরোধী শিবিরে দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ডিএমকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা বৈঠকে থাকবে না। অন্য দিকে, রাজ্যসভার ভোটে ঝাড়খণ্ডের দু’টি আসনের মধ্যে একটিতে কংগ্রেস ‘একতরফা ভাবে’ প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ জেএমএম-ও। এ বার নির্বাচন পর্বে বিজয়নকে নিশানা করার ধরন নিয়ে সরাসরি কংগ্রেস সভাপতিকে চিঠি পাঠিয়ে অবস্থান জানতে চাইলেন বেবি।

Advertisement
আরও পড়ুন