Runway for Drone in Meerut

শুধু ড্রোনের জন্যই রানওয়ে তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে! সিঁদুর অভিযানের পর আরও জোর দেশের নিরাপত্তায়

সিএনএন-নিউজ় ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু ড্রোনের জন্যই রানওয়ে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই রানওয়ে তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের মেরঠে। আকাশসীমাকে আরও নিশ্ছিদ্র করতে এই ব্যবস্থা বলে সেনা সূত্রে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৫
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশের নিরাপত্তায় আরও জোর দিতে এ বার ড্রোন ব্যবস্থাকে আরও মজবুত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। সিএনএন-নিউজ় ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু ড্রোনের জন্যই রানওয়ে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই রানওয়ে তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের মেরঠে। আকাশসীমাকে আরও নিশ্ছিদ্র করতে এই ব্যবস্থা বলে সেনা সূত্রে খবর।

Advertisement

সূত্রের খবর, মেরঠে এই রানওয়ে বানানোর জন্য ৯০০ একর জমি নেওয়া হচ্ছে। এই রানওয়ে তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-কে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২১১০ মিটার দীর্ঘ এবং ৪৫ মিটার চওড়া এই রানওয়ে শুধুমাত্র ড্রোনের জন্যই তৈরি করা হচ্ছে। তবে রানওয়ে এমন ভাবে তৈরি করা হবে যে, প্রয়োজনে সি-২৯৫ এবং সি-১৩০ শ্রেণির বিমানও অনায়াসে এই রানওয়ে ব্যবহার করতে পারে। রানওয়েতে থাকবে আইএও ক্যাট-২ ব্যবস্থা এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা। যাতে কম দৃশ্যমানতাতেও ড্রোন ওড়ানো যায়।

ওই প্রতিবেদন অনুযায়ী, দু’টি বড় হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে। ৬০ বাই ৫০ মিটারের হবে ওই হ্যাঙ্গারের আকার। সেখানে ড্রোনের পাশাপাশি থাকবে যুদ্ধবিমান, এ ছাড়াও মেরামতের ব্যবস্থা থাকবে। আপৎকালীন পরিস্থিতিতে যাতে সহজে আরও বিমান মোতায়েন করা যায়, সেই ব্যবস্থাও থাকবে। প্রসঙ্গত, সিঁদুর অভিযানে ড্রোন বেশ কার্যকরী ভূমিকা নিয়েছিল। নজরদারি, হামলা চালানোর কাজেও ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সামরিক দুনিয়া যে ভাবে দ্রুত বদলাতে শুরু করেছে, তাতে ড্রোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই বিভিন্ন সামরিক অভিযানে ড্রোনের ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের খবর। ড্রোনকে যাতে পুরোদমে ব্যবহার করা যায়, তার জন্য নির্ধারিত কোনও ঘাঁটি প্রয়োজন। আর সেই ঘাঁটি তৈরি হতে চলেছে মেরঠে।

Advertisement
আরও পড়ুন