Vedanta Power Plant Explosion

ছত্তীসগঢ়ে বয়লার বিস্ফোরণ: ২০ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের বিরুদ্ধে এফআইআর

সক্তী জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারায় এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে রয়েছে বিএনএস ১০৬ (অবহেলার কারণে মৃত্যু), ২৮৯ (যন্ত্রপাতি সংক্রান্ত অবহেলা)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১০:৪৩
FIR against Vedanta chairman Anil Agarwal

ছত্তীসগঢ়ে বয়লার বিস্ফোরণের ঘটনায় বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল অগ্রবালের বিরুদ্ধে এফআইআর দায়ের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন তিনেক আগে ছত্তীসগড়ের সক্তী জেলায় বেদান্ত শিল্পগোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ২০ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই ঘটনায় এ বার বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল অগ্রবাল, সংস্থার ম্যানেজার দেবেন্দ্র পটেল-সহ কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।

Advertisement

সক্তী জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারায় এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে রয়েছে বিএনএস ১০৬ (অবহেলার কারণে মৃত্যু), ২৮৯ (যন্ত্রপাতি সংক্রান্ত অবহেলা)। প্রফুল্ল বলেন, ‘‘বেদান্ত গোষ্ঠীর আট থেকে ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আর কারও নাম যদি উঠে আসে তবে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে।’’

মঙ্গলবার দুপুরে সক্তী জেলার সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় বেশ কয়েক জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। অনেকেই আগুনে ঝলসে যান। ঘটনাস্থলে কয়েক জন শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েক জনের মৃত্যুর খবর মেলে। এখনও পর্যন্ত ওই বিস্ফোরণে ২০ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্তের নির্দেশ দেয় বিষ্ণুদেও সাইয়ের সরকার। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বয়লার ফার্নেসের ভিতরে অতিরিক্ত জ্বালানি জমে যাওয়ায় চাপ সৃষ্টি হয়। সেই অতিরিক্ত চাপের কারণে বয়লার নীচের দিকের একটি পাইপ সরে যায়। তার ফলেই বিস্ফোরণ ঘটে। পুলিশ আরও জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধান করতে একটি কারিগরি তদন্তকারী দল গঠন করা হয়েছে। সেই ঘটনায় এ বার এফআইআর দায়ের হল।

Advertisement
আরও পড়ুন