(বাঁ দিকে) নির্মলা সীতারমণ। ইলন মাস্ক (ডান দিকে)। — ফাইল চিত্র।
কেন্দ্রীয় বাজেট নিয়ে নরেন্দ্র মোদী সরকারের দিকে একের পর এক তোপ দেগেছে বিরোধী দলগুলি। সমালোচনার মুখে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ‘মসিহা’ হয়ে উঠল এক্স কর্তা ইলন মাস্কের একটি পোস্ট। সেই পোস্টের উল্লেখ করেই নির্মলা জানালেন, ভারতের জিডিপি পৃথিবীর বাকি দেশগুলির তুলনায় এখন কোথায় রয়েছে।
রবিবার লোকসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার পরে সংসদেই পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলেন নির্মলা। ওই পড়ুয়ারা লোকসভায় বসে বাজেট পেশ দেখার সুযোগ পেয়েছিলেন। তাঁদের সঙ্গে কথা বলার সময়ই নির্মলা উল্লেখ করেন মাস্কের একটি পোস্টের কথা। কী লেখা ছিল সেই পোস্টে? আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর নথি তুলে ধরে মাস্ক লিখেছিলেন, গোটা পৃথিবীতে চিনের জিডিপি এখন ২৬ শতাংশ। ভারতের জিডিপি ১৭ শতাংশ। দুই দেশের মিলিত জিডিপি ৪৩ শতাংশ।
নির্মলা বলেন, ‘‘আমি নিশ্চিত, তোমরা সকলেই সমাজমাধ্যমে খুব সক্রিয়। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। কোনও নির্দিষ্ট কারণে আমি তাঁর নাম নিচ্ছি না। ইলন মাস্ক আইএমএফের নথির উল্লেখ করে বলেন, এটা কি সত্যি? তিনি ঠিক কী কথা বলেছিলেন, আমি এখন মনে করতে পারছি না। এ ধরনের কিছু হয়তো তিনি বলেছিলেন।’’ এর পরে তিনি মাস্কের পোস্ট করা সেই পরিসংখ্যানের কথা উল্লেখ করে বলেন, ‘‘বিশ্ব জিডিপিতে চিনের অবদান ২৬ শতাংশ। ভারতের অবদান ১৭ শতাংশ। দু’টি দেশের একত্রে অবদান ৪৩ শতাংশ। এই টুইট কী বার্তা দেয়?’’
এর পরেই নির্মলা বিরোধীদের কটাক্ষ করে জানান, এই বিষয়টি অবশ্যই তাদের নজর দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‘সংসদে আমি এই কথা নিজের তরফে বলব। কিন্তু ভারত এখন কতটা শক্তিধর, তা বিরোধীদেরও জানা উচিত। সামনে শুধু চিন। ব্যবধান হয়তো একটি বেশি, ২৬ এবং ১৭, তবে তা আমরা কমিয়ে ফেলব।’’ প্রসঙ্গত, বাজেট নিয়ে বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে মোদী সরকারকে। জানিয়েছে, চলতি বছরের বাজেটে মধ্যবিত্তের কথা ভাবা হয়নি। মনে করা হচ্ছে, সেই বিরোধীদের দিকেই পাল্টা আঙুল তোলেন নির্মলা।
বিশ্ব জিডিপি নিয়ে শনিবারই পোস্টটি করেছিলেন মাস্ক। তিনি লেখেন, ‘‘ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে।’’ আইএমএফের ২০২৬ সালের জানুয়ারির পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, বিশ্ব জিডিপিতে কোন ১০টি দেশের অবদান শীর্ষে। সেখানে দেখা গিয়েছে, প্রথম স্থানে চিন, দ্বিতীয়তে ভারত। তার পরে রয়েছে আমেরিকা, বিশ্ব জিডিপিতে যাদের অবদান ৯.৯ শতাংশ।
ভারতের উপর বিপুল পরিমাণে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার শুল্কনীতির কারণে বিশ্ববাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই আবহে বিশ্বের অন্যতম ধনী মাস্কের পোস্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।