Maharashtra Crime

দুইয়ের বেশি সন্তান থাকলে প্রার্থী হতে পারবেন না পঞ্চায়েত ভোটে, প্রধান হওয়ার ‘বাসনা’য় এক সন্তানকে খুন যুবকের

পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্র এবং তেলঙ্গানার সীমানালাগোয়া নান্দেড় জেলার মুখেড় তালুকের কেরুর গ্রামে থাকেন অভিযুক্ত। তাঁর দুই কন্যা এবং এক পুত্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দুইয়ের বেশি সন্তান থাকলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কিন্তু পঞ্চায়েত প্রধান হওয়ার ‘বাসনা’য় তিন সন্তানের একটিকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি মহারাষ্ট্রের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্র এবং তেলঙ্গানার সীমানালাগোয়া নান্দেড় জেলার মুখেড় তালুকের কেরুর গ্রামে থাকেন অভিযুক্ত। তাঁর দুই কন্যা এবং এক পুত্র। সামনেই মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এই নির্বাচনে প্রার্থী হতে গেলে দুইয়ের বেশি সন্তান থাকলে হবে না। প্রার্থী যদি এক বা দুই সন্তানের পিতা বা মাতা হন, তা হলেই নির্বাচনে লড়তে পারবেন। কিন্তু অভিযুক্ত যুবক এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। কিন্তু সেই মাপকাঠিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাঁর তিন সন্তান।

পুলিশ জানিয়েছে, পঞ্চায়েত প্রধান হওয়ার ‘ভূত’ এমন ভাবে যুবকের মাথায় চেপে বসেছিল যে, নিজের সন্তানকেও খুন করতে হাত কাঁপেনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ২৯ জানুয়ারি এক কন্যাকে বাইকে করে নিজ়ামাবাদ জেলায় নিয়ে যান। অভিযোগ, কন্যাকে একটি খালে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যান। শিশুটির দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই পুলিশে খবর দেন। শিশুটির ছবি বিভিন্ন থানা এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। সেই ছবি কেরুর গ্রামে পৌঁছোলে স্থানীয়েরা শনাক্ত করেন। তার পরই অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, যুবকের তিন সন্তান। একটি সন্তান নিখোঁজ ছিল দু’দিন ধরে। সন্দেহের ভিত্তিতে যুবককে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই সময়েই তাঁর পরিকল্পনার কথা পুলিশের কাছে স্বীকার করেন অভিযুক্ত। তার পরই গ্রেফতার করা হয় যুবককে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বর্তমান পঞ্চায়েত প্রধানের কাছে প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন ওই যুবক। তখন তিনি ওই যুবকের এক সন্তানকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তাতে রাজি হননি অভিযুক্ত। তার পরই এক সন্তানকে খুনের পরিকল্পনা করেন। শুধু তা-ই নয়, একটি নিখোঁজ ডায়েরিও করেন তিনি।

Advertisement
আরও পড়ুন