নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যেই শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাবকে পাশে নিয়ে মোদী বলেন, “আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না।” এই সূত্রেই ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ বিবৃতিতে মোদী বলেন, “ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা সর্বদা চাইব যে, সংঘাতের অবসান হোক। এ ক্ষেত্রে যে কোনও শান্তিকামী পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে।” দ্রুত যুদ্ধের অবসান হবে বলেও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ইউরোপীয় দেশ ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ভারত এবং ইউরোপের সুসম্পর্কের কথা তুলে ধরেন মোদী। বলেন, “এখন গোটা বিশ্ব একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বের নানা অংশে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সে ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে ভারত এবং ইউরোপ— বিশ্বের দুই বৃহৎ গণতান্ত্রিক শক্তি— সম্পর্কের সোনালি অধ্যায়ে প্রবেশ করেছে। আমাদের পারস্পরিক বোঝাপড়া আন্তর্জাতিক সুস্থিতি, উন্নয়নকে শক্তিশালী করবে।”
মার্কিন এবং ইজ়রায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পরে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে সামরিক উত্তেজনা। গত পাঁচ দিন ধরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগেও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন মোদী। তিনি বলেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’’ তবে খামেনেইয়ের মৃত্যু বা আমেরিকা-ইজ়রায়েল হামলা নিয়ে এখনও পর্যন্ত ভারত সরকার কোনও মন্তব্য করেনি। তবে উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন এবং বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে কথা বলেছেন মোদী।