নেপালের শাসক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।
নেপালের শাসক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছানের সঙ্গে আজ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সফরে এসে লামিছানে এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন।
সীমান্ত নিয়ে নেপালের সঙ্গে ভারতের টানাপড়েনের মধ্যে মোদীর এই বৈঠককে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। গত কালই বিদেশ মন্ত্রকের তরফে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সীমান্ত-সমস্যার নিষ্পত্তি নিয়ে মতামতের কড়া বিরোধিতা করা হয়েছে। বলেন্দ্রের বক্তব্য ছিল, ভারত-নেপাল সীমান্তের সমস্যার ক্ষেত্রগুলি নিয়ে ব্রিটেন এবং চিনের সঙ্গে আলোচনা করতে হবে। নয়াদিল্লি সাফ বলেছে, কোনও তৃতীয় পক্ষের নাক গলানো বরদাস্ত করা হবে না। আজ অবশ্য লামিছানের সঙ্গে বৈঠকের পরে সন্তোষ প্রকাশ করেছেন মোদী। তাঁর কথায়, “অংশীদারির প্রশ্নে নেপাল আমাদের অগ্রাধিকারে রয়েছে। সে দেশের নতুন সরকারের সঙ্গে সহযোগিতার জন্য মুখিয়ে রয়েছি। আমাদের বিশেষ এবং বহুমুখী সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছক।” মোদী জানান, লামিছানের সঙ্গে বৈঠক করে তিনি ‘খুশি’।