India on Gaza Peace Plan

ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’ নিয়ে নীরব থেকেও গাজ়া প্রসঙ্গে ফের মুখ খুলল ভারত! আরব দেশের প্রতিনিধিদের কী বার্তা মোদীর

আরব দেশগুলির বিদেশমন্ত্রী এবং অন্য প্রতিনিধিরা শনিবার দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪
(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজ়ায় শান্তি ফেরানোর জন্য যে ‘বোর্ড অফ পিস’ গঠন করেছেন, এখনও তাতে যোগ দেয়নি ভারত। তবে এর মধ্যেই গাজ়ায় শান্তি ফেরানোর পক্ষে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লিতে আরব দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গাজ়ার প্রসঙ্গ তোলেন তিনি। প্যালেস্টাইনিদের সমর্থন করে ‘গাজ়া পিস প্ল্যান’-কে স্বাগত জানান। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ‘গাজ়া পিস প্ল্যান’ প্রকাশ করেছিলেন ট্রাম্প।

Advertisement

আরব দেশগুলির বিদেশমন্ত্রী এবং অন্য প্রতিনিধিরা শনিবার মোদীর সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, ‘‘প্যালেস্টাইনের মানুষের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে যে প্রচেষ্টা চলছে, সেগুলিকেও স্বাগত জানিয়েছেন। গাজ়া পিস প্ল্যানও সেই তালিকায় রয়েছে।’’ বৈঠকের পর আরব নেতাদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মোদী। সেখানে লিখেছেন, ‘আরব লিগের বিদেশমন্ত্রীদের এবং প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পেরে আমি উচ্ছ্বসিত। ভারতের বৃহত্তর প্রতিবেশীর অবিচ্ছেদ্য অংশ আরব দুনিয়া। আমাদের সভ্যতা, সংযোগ এবং বন্ধুত্ব শান্তি ও অগ্রগতির পথ প্রশস্ত করে। আমার বিশ্বাস, প্রযুক্তি, জ্বালানি, বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করে আমরা আমাদের সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যেতে পারব।’’

ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ থামিয়ে গাজ়ায় স্থায়ী শান্তি ফেরানোর জন্য আগে থেকেই উদ্যোগী হয়েছেন ট্রাম্প। গত বছর তিনি ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তাকেই বলা হয়েছিল ‘গাজ়া পিস প্ল্যান’। ট্রাম্প জানিয়েছিলেন, এর মধ্যে দিয়েই পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরা সম্ভব। সেই সময় একাধিক দেশ তাঁর পরিকল্পনাকে স্বাগত জানায়। কিছু দিন আগে গাজ়া-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক দ্বন্দ্বগুলি মিটিয়ে শান্তি স্থাপনের লক্ষ্যে ট্রাম্প গঠন করেন ‘বোর্ড অফ পিস’। বলা হয়েছে, প্রথমে এই পর্ষদ গাজ়া নিয়ে কাজ করবে। সাফল্য এলে অন্য আঞ্চলিক অশান্তিগুলির দিকেও নজর দেওয়া হবে। এই পর্ষদে যোগ দেওয়ার জন্য ভারত-সহ অনেক দেশকেই আমেরিকা আহ্বান জানিয়েছে। কিন্তু এখনও ভারত কোনও সিদ্ধান্ত নেয়নি।

Advertisement
আরও পড়ুন