Rajnath Singh

সেনা কর্তাদের সঙ্গে বৈঠক রাজনাথের

ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি কেমন রয়েছে তা খতিয়ে দেখতে বৈঠক ডাকেন রাজনাথ। বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান, তিন সেনার প্রধান-সহ সেনার পদস্থ অফিসারেরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৭:০৯
রাজনাথ সিংহ।

রাজনাথ সিংহ। — ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ার চলতি সংঘাত থেকে ‘অপারেশনাল’ ও প্রযুক্তিগত শিক্ষা নেওয়ার পাশাপাশি যে কোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় আজ সাতটি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি কেমন রয়েছে তা খতিয়ে দেখতে বৈঠক ডাকেন রাজনাথ। বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান, তিন সেনার প্রধান-সহ সেনার পদস্থ অফিসারেরা। সূত্রের মতে, বৈঠকে পশ্চিম এশিয়ার সংঘাত থেকে পাওয়া শিক্ষা, চ্যালেঞ্জসমূহ ও সুযোগগুলিকে বিশ্লেষণ করে আগামী এক দশকের জন্য সব মোর্চাতে আত্মনির্ভরতা ও পরিচালনগত প্রস্তুতি নিশ্চিত করার উপরে জোর দেন রাজনাথ।

আজ রাজ্যসভায় পশ্চিম এশিয়া প্রসঙ্গে বিবৃতিতে মোদী বলেন, পশ্চিম এশিয়ার সঙ্কটের পরিস্থিতিতে জ্বালানি, সরবরাহ শৃঙ্খল ঠিক রাখতে সরকার সাতটি ক্ষমতাসম্পন্ন গোষ্ঠী গঠন করেছে। এর মধ্যে রণকৌশলগত বিষয় (প্রতিরক্ষা, কূটনীতি ও আইনশৃঙ্খলা) দেখার প্রশ্নে গঠিত কমিটির শীর্ষে রাখা হয়েছে বিদেশসচিব বিক্রম মিস্রীকে। অর্থনীতি, সরবরাহ শৃঙ্খল আমদানি-রফতানি দেখার জন্য কমিটির প্রধান করা হয়েছে আর্থিক বিষয়ক সচিব অনুরাধা ঠাকুরকে। আর এক গোষ্ঠীর দায়িত্বে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল।

আরও পড়ুন