US Iran Tension

নিহত নন, জখম হয়েছেন ভারতীয়! বিবৃতি সংশোধন করল সৌদি আরব, হাসপাতালে গেলেন দূতাবাসের কর্তাও

প্রাথমিক বিবৃতিতে সৌদি প্রশাসন জানায়, ক্ষেপণাস্ত্র হানায় এক ভারতীয় এবং এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে সেই বিবৃতি সংশোধন করে তারা। সংশোধিত বিবৃতিতে বলা হয়, নিহতদের দু’জনই বাংলাদেশি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৯:৩০
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। —ফাইল চিত্র।

সৌদি আরবে রবিবারের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হননি কোনও ভারতীয়। জখম হয়েছেন এক ভারতীয় নাগরিক। বিবৃতি সংশোধন করে এমনটাই জানাল সৌদির প্রশাসন। রিয়াধের ভারতীয় দূতাবাস থেকেও জানানো হয়েছে, তিনি বর্তমানে সৌদির হাসপাতালে ভর্তি রয়েছেন। দূতাবাসের এক শীর্ষ আধিকারিক রাতেই হাসপাতালে গিয়ে জখম ভারতীয়ের সঙ্গে দেখা করেছেন। তাঁর শারীরিক অবস্থারও খোঁজখবর নিয়েছেন তিনি।

Advertisement

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ধারাবাহিক হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হানা চলেছে সৌদি আরবেও। এরই মধ্যে রবিবার সৌদির অসামরিক প্রতিরক্ষা দফতর জানায়, সে দেশের আল-খর্জ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রাথমিক বিবৃতিতে সৌদি জানায়, ওই হামলায় দু’জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জন ভারতীয়, অপর জন বাংলাদেশি। পাশাপাশি ১২ বাংলাদেশি নাগরিক জখম হয়েছেন বলেও জানায় সৌদি প্রশাসন।

পরবর্তী সময়ে ওই বিবৃতি সংশোধন করে সৌদির অসামরিক প্রতিরক্ষা দফতর। সংশোধিত বিবৃতিতে তারা জানায়, নিহতদের মধ্যে দু’জনই বাংলাদেশি। ক্ষেপণাস্ত্র হানায় যে ১২ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে এক ভারতীয় রয়েছেন। বাকি ১১ জন বাংলাদেশি।

সৌদি প্রশাসন এই সংশোধিত বিবৃতি প্রকাশের পর পরই একটি বিবৃতি দেয় রিয়াধের ভারতীয় দূতাবাসও। জানানো হয়, ওই ভারতীয় নাগরিক বর্তমানে আল-খর্জ শহরের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। দূতাবাসের কাউন্সিলর (কমিউনিটি ওয়েলফেয়ার) ওয়াই শাবির রাতেই ওই হাসপাতালে যান। জখম ভারতীয়ের সঙ্গে দেখা করেন। রবিবারের ওই ঘটনা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে বলেও জানানো হয় বিবৃতিতে।

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির মাঝে রবিবারই ভারতীয়দের জন্য একটি নতুন সতর্কবার্তা জারি করে রিয়াধের দূতাবাস। সৌদি প্রশাসনের জারি করা সুরক্ষাবিধি মেনে চলতে বলা হয় ভারতীয়দের। স্থানীয় প্রশাসনের পরামর্শও মানতে বলা হয় সকল ভারতীয়কে। একই সঙ্গে জানানো হয়েছে, রিয়াধের দূতাবাস, জেড্ডার উপদূতাবাস-সহ সকল কূটনৈতিক দফতরের পরিষেবা স্বাভাবিকই রয়েছে। নিয়মিত কনসুলার শিবিরও চালানো হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

Advertisement
আরও পড়ুন