Indian Killed in Missile Strike

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক ভারতীয়! বিবৃতিতে দাবি সৌদি আরব প্রশাসনের, নয়া সতর্কবার্তা জারি রিয়াধ দূতাবাসের

সৌদি প্রশাসনের বিবৃতিতে দাবি করা হচ্ছে, আল-খর্জ শহরে এক আবাসনে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। তাতেই নিহত হন দু’জন। নিহতের মধ্যে এক ভারতীয়ও রয়েছেন বলে দাবি সৌদি প্রশাসনের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:৫৩
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হানা।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হানা। ছবি: রয়টার্স।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক ভারতীয়। বিবৃতি প্রকাশ করে এমনটাই দাবি করেছে সৌদির অসামরিক প্রতিরক্ষা দফতর। যদিও এ বিষয়ে রিয়াধে ভারতীয় দূতাবাস বা দিল্লির তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে রিয়াধের দূতাবাস থেকে নতুন করে ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

Advertisement

রবিবার এই হামলাটি হয়েছে মধ্য সৌদির আল-খর্জ শহরে। পশ্চিম এশিয়ায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ পরিস্থিতিতে এই প্রথম কোনও মৃত্যু হল সৌদিতে। সৌদির রাজধানী রিয়াধ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খর্জ। রবিবার ওই এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে দু’জন নিহত হন। জখম হন আরও অন্তত ১২ জন। প্রাথমিক ভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। পরে সৌদির প্রশাসন বিবৃতি প্রকাশ করে জানান, নিহতদের মধ্যে এক জন ভারতীয়। অপর জন বাংলাদেশের নাগরিক।

সৌদি প্রশাসনের বিবৃতিতে দাবি করা হচ্ছে, আল-খর্জ শহরে এক আবাসনে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। ওই আবাসনটি শহরের এক সাফাই এবং রক্ষণাবেক্ষণ সংস্থার মালিকানাধীন বলে দাবি সৌদি প্রশাসনের। তারা জানাচ্ছে, ওই ঘটনায় এক ভারতীয় এবং এক বাংলাদেশি নিহত হয়েছেন। জখম হওয়া ১২ জনও বাংলাদেশের নাগরিক বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।

বস্তুত, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই সৌদিতে হামলা শুরু করেছে ইরান। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে চলেছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। যদিও এই ক্ষেপণাস্ত্র কারা ছুড়েছিল, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি রিয়াধের ভারতীয় দূতাবাস। দিল্লিও কোনও মন্তব্য করেনি।

তবে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতি নিয়ে রিয়াধের দূতাবাস সতর্ক করে দিয়েছে ভারতীয়দের। সৌদি প্রশাসনের জারি করা সুরক্ষাবিধি মেনে চলতে বলা হয়েছে ভারতীয়দের। স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলতে বলা হয়েছে সকল সে দেশে থাকা সকল ভারতীয়কে। একই সঙ্গে জানানো হয়েছে, রিয়াধের দূতাবাস, জেড্ডার উপদূতাবাস-সহ সকল কূটনৈতিক দফতরের পরিষেবা স্বাভাবিকই রয়েছে। নিয়মিত কনসুলার শিবিরও চালানো হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। জেড্ডা এবং মদিনা থেকে ভারত এবং সৌদি উভয় দেশের উড়ান সংস্থাগুলিই পরিষেবা চালু করেছে বলে জানিয়েছে রিয়াধের ভারতীয় দূতাবাস। রিয়াধের দূতাবাস এবং জেড্ডার উপদূতাবাসে যোগাযোগের জন্য কিছু আপৎকালীন নম্বরও দেওয়া হয়েছে ওই সতর্কবার্তায়।

Advertisement
আরও পড়ুন