Meghalaya Honeymoon Murder

মেঘালয় মধুচন্দ্রিমা হত্যাকাণ্ড: ‘বাড়িতে ঠাঁই হবে না ওর’! স্বামী রাজাকে খুনে অভিযুক্ত সোনমের জামিন হতেই মন্তব্য তাঁর দাদার

প্রসঙ্গত, মঙ্গলবার সোনমকে জামিন দেয় মেঘালয়ের আদালত। সোনমকে গ্রেফতারির সময় প্রক্রিয়াগত কিছু ত্রুটির কথা উল্লেখ করা হয়। তার পরই সোনমের জামিন মঞ্জুর করে আদালত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৩:২৫
সোনম এবং রাজা রঘুবংশী। ফাইল চিত্র।

সোনম এবং রাজা রঘুবংশী। ফাইল চিত্র।

স্বামী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত তাঁর স্ত্রী সোনম রঘুবংশীর জামিন হয়েছে মঙ্গলবার। কিন্তু তাঁর জামিনে অসন্তুষ্ট রাজার পরিবার। জামিন নিয়ে প্রশ্ন তুললেন তাঁরা। রাজার মা উমা রঘুবংশী সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘‘আমরা সিবিআই তদন্ত চাই। যে অপরাধ হয়েছে, তা সিবিআই দিয়ে তদন্ত করানো প্রয়োজন।’’ এর পরই প্রশ্ন তোলেন, কী ভাবে সোনম জামিন পেলেন? এত বড় অপরাধ করার পরেও তাঁকে ছাড়া হল কেন, তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন রাজার মা।

Advertisement

রাজার মা আশঙ্কা প্রকাশ করেন, সোনম ছাড়া পেয়েছেন। বাকি অভিযুক্ত রাজ কুশওয়াহা (সোনমের প্রেমিক), বিশাল, আকাশেরাও যদি ছাড়া পেয়ে যান, তা হলে রঘুবংশী পরিবারের সদস্যদের উপর হামলার চেষ্টা করতে পারেন। প্রাণে মেরে ফেলতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজার মা। এর পরই আবার তিনি সিবিআই তদন্তের দাবি জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার সোনমকে জামিন দেয় মেঘালয়ের আদালত। সোনমকে গ্রেফতারির সময় প্রক্রিয়াগত কিছু ত্রুটির কথা উল্লেখ করা হয়। তার পরই সোনমের জামিন মঞ্জুর করে আদালত। বোনের জামিন হলেও তাঁকে ঘরে ফেরাতে নারাজ সোনমের দাদা গোবিন্দ। তিনি বলেন, ‘‘শুনেছি সোনম জামিন পেয়েছে। সোনমের জন্য কোনও আইনজীবী দিইনি আমরা। সরকারি আইনজীবীই যা করার করছেন। জানি না ওকে কখন ছাড়া হবে। কোথায় যাবে অথবা শিলঙেই থেকে যাবে কি না, কিছুই জানি না।’’

গোবিন্দের দাবি, কিছু নথিপত্রের জন্য জেলে সোনমের সঙ্গে দেখা করতে যেতে হয়েছিল। রাজার ভাইকেও এ বিষয়ে জানিয়েছিলেন তিনি। এর পরই সোনমের দাদা বলেন, ‘‘বোনকে কোনও ভাবেই সহযোগিতা করব না। ওকে বাড়িতে ঠাঁই দেওয়ার কোনও প্রশ্নই নেই। যদিও ওকে জামিন দেওয়ার সিদ্ধান্ত আদালতের। এ বিষয়ে মন্তব্য করব না। যদি আমার বাবা-মা সোনমকে বাড়িতে আনার কথা ভাবে, বাড়ি ছেড়ে চলে যাব।’’ তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যাওয়া উচিত রাজার পরিবারের, এটাও জানান গোবিন্দ।

প্রসঙ্গত, গত বছরের মে মাসে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হন মধ্যপ্রদেশের ইনদওরের যুবক রাজা। তাঁকে খুনের অভিযোগ ওঠে স্ত্রী সোনম, তাঁর প্রেমিক রাজ-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন